আখেরি চাহার সোম্বায় কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছুটি না দেওয়ায় জমিয়াতুল মোদার্রেছীনের ক্ষোভ
বালু উত্তোলনে অভিযান: মনপুরায় দুই ড্রেজার আটক

ভোলার মনপুরায় মেঘনা নদী থেকে বালু উত্তোলনের সময় বাংলাদেশ কোস্ট গার্ডের মনপুরা টিম অভিযান চালিয়ে দুটি ড্রেজার (বলগেট) আটক করেছে। পরে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে ‘আহা মনি’ নামের একটি ড্রেজার ছেড়ে দেওয়া হয়। অপর ড্রেজার ‘আলিফ’ থেকে প্রায় ২ হাজার ঘনফুট বালু, ১০০ লিটার ডিজেলসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ সময় ড্রেজারে থাকা পাঁচজনকে আটক করা হয়।
বুধবার (১২ আগস্ট) সকাল ৮টার দিকে মেঘনা নদীতে বালু উত্তোলনের সময় ‘আলিফ’ ও ‘আহা মনি’ নামের দুটি বলগেট আটক করে কোস্ট গার্ড।
জানা গেছে, ‘আহা মনি’ নামের বলগেটটি মনপুরায় চলমান বেড়িবাঁধ নির্মাণকাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান ফারিসা কোম্পানির বালু উত্তোলনের কাজে ব্যবহৃত হচ্ছিল। আটকের পর বলগেটটির প্রয়োজনীয় কাগজপত্র যাচাই ও পর্যালোচনা করা হয়। কাগজপত্র সঠিক পাওয়ায় পরে ‘আহা মনি’ বলগেটটি ছেড়ে দেওয়া হয়।
অন্যদিকে, ‘আলিফ’ নামের বলগেটটি স্থানীয়ভাবে বালু উত্তোলন করে মনপুরা দ্বীপের বিভিন্ন পুকুর ও ডোবা ভরাটের কাজে ব্যবহৃত হচ্ছিল বলে জানা গেছে। এ সময় বলগেটে থাকা পাঁচজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মো. নয়ামিয়া (৫০), মো. ইসমাইল (২২), মো. শঙ্কুর আলী (২২), মো. হাসান (৩২) ও কায়েস মোল্লা (৪০)। তাঁদের বাড়ি বরগুনা এলাকায় বলে জানা গেছে।
অভিযানে ‘আলিফ’ বলগেট থেকে বিভিন্ন ধরনের ইঞ্জিন, ডিজেলচালিত সরঞ্জাম, প্লাস্টিকের পাইপসহ প্রায় ২ হাজার ঘনফুট বালু ও ১০০ লিটার ডিজেল জব্দ করা হয়।
এ বিষয়ে ফারিসা কোম্পানির সাইট ম্যানেজার তুহিন বলেন, “বর্তমানে অতিবৃষ্টির কারণে বেড়িবাঁধের বিভিন্ন অংশে ভাঙন দেখা দিয়েছে। জরুরি ভিত্তিতে বালুর প্রয়োজন হওয়ায় আমাদের একটি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল।”
অভিযানে আটক ‘আলিফ’ বলগেট ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
