সর্বশেষঃ

মিয়ানমারে পাচারের সময় ১ হাজার ৩৬০ বস্তা সিমেন্টসহ আটক-৩

ভোলার বাণী ডেস্ক ॥
নোয়াখালীর মৌলভীচর সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ১ হাজার ৩৬০ বস্তা সিমেন্ট ও একটি স্টিলবডি বোট জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় তিনজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাত ৩টার দিকে হাতিয়ার মেঘনা নদীতে অভিযান চালিয়ে সিমেন্ট ও স্টিলবডি জব্দ এবং ৩ জনকে আটক করা হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক ৩টার দিকে বিসিজি স্টেশন হাতিয়ার সদস্যরা মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একটি স্টিলবডি বোট থেকে আনুমানিক ১ হাজার ৩৬০ বস্তা সিমেন্ট ও স্টিলবডি জব্দ করা হয়। আটকরা হলেন-বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার মো. আবু তাহের (৫৭), ভোলার চর ভেদুরিয়া এলাকার মো. আলাউদ্দিন (৪২) এবং ভোলা দক্ষিণ দিগলী এলাকার মো. নিরব (৩৫)।
কোস্ট গার্ড জানায়, জব্দ করা সিমেন্টের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৮০ হাজার টাকা এবং স্টিলবডির মূল্য প্রায় ২৫ লাখ টাকা। সব মিলিয়ে জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ৩১ লাখ ৮০ হাজার টাকা। অভিযান সংশ্লিষ্টরা জানান, ১ হাজার ৩৬০ বস্তা সিমেন্ট দুটি ফিশিং বোটে করে মিয়ানমারে পাচারের জন্য নেওয়া হচ্ছিল। লোডিংয়ের পূর্বে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরবর্তীতে জব্দ করা মালামাল ও আটক তিনজনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।