সর্বশেষঃ

দৌলতখানে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য রোধে আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতা

দৌলতখান সংবাদদাতা ॥
সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য (ডিসইনফরমেশন), গুজব ও অপপ্রচার রোধে ভোলার দৌলতখানে আলোচনা সভা, বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে দৌলতখান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান।
এসময় তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য শেয়ার করার আগে অবশ্যই তার সত্যতা যাচাই করা জরুরি। গুজব, বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার সমাজে নানা ধরনের নেতিবাচক প্রভাব সৃষ্টি করতে পারে। তাই সচেতনতার মাধ্যমে এসব অপতৎপরতা প্রতিরোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, তথ্যপ্রযুক্তির এই যুগে শিক্ষার্থীদের সত্য ও মিথ্যা তথ্যের পার্থক্য বুঝতে হবে এবং যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার বা শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন খান।
আলোচনা সভা শেষে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।