ভোলায় সামাজিক নিরীক্ষা কমিটির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ভোলা প্রতিনিধি
ভোলার ভেদুরিয়ায় কমিউনিটি ওয়াচ কার্যক্রমের আওতায় সামাজিক নিরীক্ষা কমিটির সদস্যদের নিয়ে দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় পর্যায়ে শিক্ষা ও সামাজিক সেবার মানোন্নয়ন এবং জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে এ আয়োজন করা হয়।
সোমবার (১০ আগস্ট) ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ব্যাংকেরহাটে জনউন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের হলরুমে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। গণসাক্ষরতা অভিযান-এর সহযোগিতায় এবং গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) ও ওয়াচ কমিটির বাস্তবায়নে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা এজাজুল হক। ভেদুরিয়া ইউনিয়ন ওয়াচ কমিটির সভাপতি মো. শাহ আলমের সভাপতিত্বে ওরিয়েন্টেশন পরিচালনা করেন জিজেইউএসের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. আলমগীর হোসেন। এ সময় জিজেইউএসের প্রোগ্রাম অফিসার ইসমাইল জবিউল্লাহ ও অফিসার মো. কামরুজ্জামান উপস্থিত ছিলেন।
ওরিয়েন্টেশনে সামাজিক নিরীক্ষা কমিটির ভূমিকা ও দায়িত্ব, স্থানীয় পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সেবার মান এবং উপকরণ পর্যবেক্ষণ, জনগণের অংশগ্রহণ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
আয়োজকেরা জানান, কমিউনিটি ওয়াচ কার্যক্রমের অন্যতম লক্ষ্য হলো স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে শিক্ষা ও অন্যান্য সামাজিক সেবার কার্যক্রম পর্যবেক্ষণ করা এবং প্রয়োজনীয় ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা। এর মাধ্যমে সেবাগ্রহীতা ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর যোগাযোগ তৈরি এবং স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
ওরিয়েন্টেশনে সামাজিক নিরীক্ষা কমিটির সদস্যদের দায়িত্ব ও ভূমিকা সম্পর্কে ধারণা দেওয়ার পাশাপাশি স্থানীয় পর্যায়ে জনগণের মতামত ও অংশগ্রহণকে আরও কার্যকর করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে ভেদুরিয়া ইউনিয়ন ওয়াচ কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও সংশ্লিষ্ট অংশীজনেরা অংশ নেন।
