বিশ্ব সিংহ দিবস আজ, সংকটে ‘বনের রাজা’

একসময় বিস্তীর্ণ বনভূমিতে দাপিয়ে বেড়ানো সিংহ আজ নানা সংকটে বিপন্ন। বন উজাড় ও আবাসস্থল সংকুচিত হওয়ার পাশাপাশি মানুষের সাথে সংঘাতও সিংহের টিকে থাকার পথে বড় হুমকি হয়ে উঠেছে।
‘বনের রাজা’খ্যাত এই প্রাণীটির সংরক্ষণ ও সুরক্ষায় বিশ্বজুড়ে সচেতনতা তৈরির লক্ষ্যেই পালিত হয় বিশ্ব সিংহ দিবস।
সোমবার (১০ আগস্ট) বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব সিংহ দিবস।
২০১৩ সাল থেকে প্রতি বছর ১০ আগস্ট দিবসটি পালন করা হচ্ছে। সিংহ সংরক্ষণে কাজ করা‘বিগ ক্যাট ইনিশিয়েটিভ’-এর প্রতিষ্ঠাতা ডেরেক ও বেভারলি জুবার্টের উদ্যোগে দিবসটি চালুর পথ তৈরি হয়।
সিংহের কমে যাওয়া সংখ্যা ও তাদের অস্তিত্বের সংকট সম্পর্কে বিশ্ববাসীকে সচেতন করাই ছিল এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
বাংলাদেশের প্রাকৃতিক বনে সিংহ না থাকলেও বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতা তৈরির অংশ হিসেবে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন দিনটি পালন করে। বিশ্বজুড়ে দিবসটি উপলক্ষে সেমিনার, কর্মশালা, ওয়েবিনার, আলোকচিত্র প্রদর্শনী ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালানো হয়।
সিংহ বাস্তুতন্ত্রের গুরুত্বপূর্ণ অংশ। তাই তাদের আবাসস্থল রক্ষা, সংরক্ষণ কার্যক্রম জোরদার এবং মানুষ ও বন্যপ্রাণীর শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করাই বিশ্ব সিংহ দিবসের অন্যতম প্রধান বার্তা।
