সর্বশেষঃ

তজুমদ্দিনে অর্থাভাবে চিকিৎসাবঞ্চিত রিকশাচালক কালামের পাশে ইউএনও

আরিফুল ইসলাম রিয়াজ, স্টাফ রিপোর্টার

অর্থের অভাবে চিকিৎসা বন্ধ হয়ে যাওয়া এবং পরিবার নিয়ে অনাহারে দিন কাটানো তজুমদ্দিনের রিকশাচালক মো. কালামের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে তার দুরবস্থার খবর প্রকাশের পর বিষয়টি নজরে আসে প্রশাসনের।

রোববার তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বনি আমিন কালামকে নিজ কার্যালয়ে ডেকে নেন। এ সময় তার হাতে জরুরি খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি তার চিকিৎসার বর্তমান অবস্থা ও পরিবারের পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন ইউএনও।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কালামের চিকিৎসা যাতে সম্পন্ন করা যায়, সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তার পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।

কালাম বলেন, দুর্ঘটনার পর চিকিৎসার পেছনে প্রায় পাঁচ লাখ টাকা খরচ করেছেন। সহায়-সম্বল বিক্রি করেও চিকিৎসা শেষ করতে পারেননি। ফলে একদিকে চিকিৎসা বন্ধ হয়ে গেছে, অন্যদিকে পরিবার নিয়ে খাদ্যসংকটে পড়েছেন তিনি। প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সহায়তা পাওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জানা গেছে, সম্প্রতি গরুর জন্য ঘাস কাটতে গিয়ে দুর্ঘটনায় কালামের ডান হাতের আঙুল ও তালু গুরুতরভাবে কেটে যায়। এরপর থেকে তার স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। পেশায় রিকশাচালক হওয়ায় শারীরিকভাবে কাজ করতে না পারায় পরিবারের আয়ও বন্ধ হয়ে যায়।

কালামের পরিবারে স্ত্রী, দুই সন্তান ও বৃদ্ধ মা রয়েছেন। চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে পরিবারের সহায়-সম্বলও প্রায় শেষ হয়ে গেছে। বর্তমানে হাতের বাকি চিকিৎসা সম্পন্ন করতে তার আরও অর্থের প্রয়োজন।

কালাম তার চিকিৎসা চালিয়ে নিতে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন।

স্থানীয়দের ভাষ্য, গণমাধ্যমে কালামের দুরবস্থার খবর প্রকাশের পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে চিকিৎসা সম্পন্ন না হওয়া পর্যন্ত তার জন্য দীর্ঘমেয়াদি সহায়তা প্রয়োজন বলে মনে করছেন তারা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।