মনপুরায় ঘুষ বাণিজ্যের অভিযোগে সহকারী মৎস্য কর্মকর্তা কাজল রেখা বরখাস্ত

ভোলার মনপুরা উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা কাজল রেখাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে । দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের সহকারী মৎস্য কর্মকর্তা কাজল রেখার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উত্থাপিত হয়েছে। এর ভিত্তিতে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৩৯(১)-এর বিধান এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) ও ৩(ঘ) অনুযায়ী তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
মন্ত্রণালয়ের জারি করা আদেশে বলা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ১২(১) অনুযায়ী কর্তৃপক্ষ তাঁকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা প্রয়োজন ও সমীচীন মনে করেছে। সে অনুযায়ী কাজল রেখাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন।
গত (১২ নভেম্বর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের (মৎস্য-২ শাখা) সচিব মো. দেলোয়ার হোসেনের স্বাক্ষরে রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপন জারি করা হয়। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
