ভোলায় চেক প্রতারণা মামলায় ৬ মাসের কারাদণ্ড ও ১৫ লাখ টাকা জরিমানা
ভোলায় চেক প্রতারণা মামলায় ৬ মাসের কারাদণ্ড ও ১৫ লাখ টাকা জরিমানা

চেক ডিজঅনার (প্রতারণা) মামলায় ভোলায় এ. কে. এম. মুবিনুশ শহীদ (মুবিন) নামে এক কথিত ব্যবসাহি কে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১৫ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
ভোলার যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক রাজেশ চৌধুরী আসামির অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। রায়ে পলাতক আসামির জামিন বাতিল করে তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানা জারির নির্দেশ দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত এ. কে. এম. মুবিনুশ শহীদ (৪২) ভোলা সদর উপজেলার পুরাতন হেলিপ্যাড রোড এলাকার এ.কে.এম. শহীদুল্লাহ ও নুরুন নাহার শহীদের ছেলে।
মামলার নথি সূত্রে জানা যায়, মুবিনুশ শহীদ ২০২০ সালের ২৪ আগস্ট বেসরকারি উন্নয়ন সংস্থা ‘গ্রামীণ জন উন্নয়ন সংস্থা’র ভোলা ৪ শাখা থেকে ৩০ লাখ টাকা ঋণ গ্রহণ করেন। কয়েকটি কিস্তি পরিশোধের পর বাকি টাকা পরিশোধ না করায় প্রতিষ্ঠানটি তাঁকে তাগাদা দেয়। এর পরিপ্রেক্ষিতে ২০২৩ সালের ২৯ জানুয়ারি তিনি আইএফআইসি ব্যাংক ভোলা শাখার একটি হিসাবের অনুকূলে ১৫ লাখ টাকার একটি চেক প্রদান করেন। পরবর্তীতে ব্যাংক হিসাবে পর্যাপ্ত তহবিল না থাকায় এবং হিসাবটি বন্ধ (অ্যাকাউন্ট ক্লোজড) থাকায় চেকটি ডিজঅনার হয়।
এ ঘটনায় লিগ্যাল নোটিশ পাঠানোর পরও টাকা পরিশোধ না করায় ২০২৩ সালের ১০ এপ্রিল সংস্থার শাখা ইনচার্জ প্রকাশ রায় বাদী হয়ে ‘দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১’-এর ১৩৮ ধারায় আদালতে মামলাটি দায়ের করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই দণ্ডাদেশ দেন।
আদালতের আদেশে বলা হয়, আসামিকে আগামী ৪৫ দিনের মধ্যে জরিমানার ১৫ লাখ টাকা অভিযোগকারী প্রতিষ্ঠানের অনুকূলে পরিশোধ করতে হবে। অন্যথায় ফৌজদারি কার্যবিধির ৩৮৬ ধারা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রায় ঘোষণার সময় রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. ইউসুফ ও এডভোকেট বীথি ইসলাম এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আদিল মাহমুদ।
