ভোলায় বেদে পল্লীর মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা
ভোলায় মাইক্রোবাসে ৩০ কেজি গাঁজা, মাদক কারবারি আটক

মোঃ হাসনাইন আহম্মেদ ।।
ভোলায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ১২ লাখ টাকা মূল্যের ৩০ কেজি গাঁজাসহ মো. আবুল কালাম আজাদ মাঝি (৫০) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
শনিবার (৮ আগস্ট) বিকেল ৪টার দিকে ভোলা সদর থানাধীন পূর্ব ইলিশার সোনাডুগী সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড বেইজ ভোলা।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোনাডুগী সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড বেইজ ভোলার একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহজনক একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে প্রায় ১২ লাখ টাকা মূল্যের ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক কারবারি মো. আবুল কালাম আজাদ মাঝিকে আটক করা হয়।
আটক আবুল কালাম আজাদ মাঝি (৫০) পটুয়াখালী জেলার বানঘাটা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মো. হাশেম মাঝি।
কোস্ট গার্ড জানায়, জব্দ করা গাঁজা ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
