ভোলার দুই তরুণের স্বপ্নের নাটক ‘আমার রাজ্যে তুমি’, পর্দাজুড়ে দ্বীপের সৌন্দর্য
মনপুরায় বন্ধুর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক কারাগারে

ভোলার মনপুরায় বন্ধুর ঘরে ঢুকে তার স্ত্রীকে ছুরি দেখিয়ে ধর্ষণের অভিযোগে মো. তানজিল (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের পর তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে আদালত তাকে ভোলা জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার অনুযায়ী, বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ৩ নম্বর উত্তর সাকুচিয়া ইউনিয়নের চরগোয়ালিয়া গ্রামের একটি বাড়িতে ঘটনাটি ঘটে।
অভিযুক্ত তানজিল ওই এলাকার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফিরোজের ছেলে।
এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর স্বামী মো. মিজানের সঙ্গে তানজিলের ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। অভিযোগ রয়েছে, ঘটনার রাতে তানজিল কৌশলে ওই নারীর ঘরে প্রবেশ করেন এবং অস্ত্রের ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করেন।
ঘটনার পর রাত সাড়ে ১২টার দিকে স্বামী বাড়িতে ফিরলে ওই নারী তাকে বিষয়টি জানান। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তানজিলকে আটক করে।
শুক্রবার (৭ আগস্ট) দুপুর ১২টার দিকে ভুক্তভোগী নারী বাদী হয়ে তানজিলসহ অজ্ঞাত আরও একজনকে আসামি করে মনপুরা থানায় মামলা করেন। পরে ওই মামলায় তানজিলকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। আদালত তাকে ভোলা জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম জানান, ভুক্তভোগী নারীর চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষার জন্য শুক্রবার দুপুরে তাকে লঞ্চযোগে ভোলা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
ভুক্তভোগীর স্বামী মো. মিজান বলেন, তানজিল আমার বন্ধু ছিল। সে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে এমন নিকৃষ্ট ঘটনা ঘটিয়েছে। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
মনপুরা থানার ওসি মাজাহারুল ইসলাম বলেন, ধর্ষণ মামলায় আটক আসামিকে আদালতের মাধ্যমে ভোলা জেলা কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী নারীর চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষার জন্য তাকে ভোলা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
