ভোলার দুই তরুণের স্বপ্নের নাটক ‘আমার রাজ্যে তুমি’, পর্দাজুড়ে দ্বীপের সৌন্দর্য
দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টির শঙ্কা, ঢাকায় কমতে পারে বর্ষণ

নিজস্ব প্রতিবেদক
দেশের দক্ষিণাঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বর্ষার স্বাভাবিক বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। তবে ঢাকায় শুক্রবার ও শনিবার বৃষ্টির প্রবণতা গত দুই দিনের তুলনায় কিছুটা কমে আসতে পারে।
বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়, মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর সক্রিয় রয়েছে। এর প্রভাবে শুক্রবার পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সময়ে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, শনিবার থেকে সোমবার পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ও দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতিভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ঢাকায় শুক্রবার ও শনিবার বৃষ্টিপাতের পরিমাণ গত দুই দিনের তুলনায় কমে আসতে পারে। তবে দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। রোববার থেকে দেশের উত্তরাঞ্চলেও বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বুধবার সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে টেকনাফে। একই সময়ে রাজশাহী, বদলগাছী, চুয়াডাঙ্গা ও ভোলায় কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় নদী অববাহিকা ও নিম্নাঞ্চলের জেলাগুলোতে স্থানীয়ভাবে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। বিশেষ করে দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় ভারী বর্ষণের কারণে স্বাভাবিক জনজীবন ও সড়ক যোগাযোগে সাময়িক বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। তাই প্রয়োজন ছাড়া ঝুঁকিপূর্ণ এলাকায় চলাচল না করা এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
