ভোলায় ১১ দলীয় ঐক্যজোটের স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার ॥
গ্যাস সংকট নিরসন, ভয়াবহ লোডশেডিং বন্ধ, বিদ্যুতের মূল্য কমানো, ভুতুড়ে বিদ্যুৎ বিল আদায় বন্ধ এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে ভোলায় প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে ভোলা জেলা প্রশাসক ডাঃ শামীম রহমান এর মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে এ স্মারকলিপি প্রদান করে ১১ দলীয় ঐক্য।
স্মারকলিপিতে বলা হয়, জনগণের মৌলিক চাহিদা পূরণ, নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, অযৌক্তিক বিদ্যুৎ বিল বন্ধ করা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা সরকারের অন্যতম দায়িত্ব। কিন্তু এসব বিষয়ে কার্যকর পদক্ষেপের অভাবে জনদুর্ভোগ বাড়ছে বলে অভিযোগ করা হয়। এতে পাঁচ দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো, গ্যাস সংকট দূর করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ, লোডশেডিং বন্ধ করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, বিদ্যুতের মূল্য কমানো, ভুতুড়ে বিদ্যুৎ বিল আদায় বন্ধ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে নামিয়ে আনা।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, এসব দাবি বাস্তবায়িত হলে জনগণের আস্থা বৃদ্ধি পাবে এবং রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে। তাই দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর প্রতি জোর দাবি জানানো হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ১১ দলীয় জোট ভোলা জেলার যুগ্ম আহ্বায়ক মাওলানা মো: হারুন-অর-রশিদ, এনসিপি ভোলা জেলার আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ জিয়াউর রহমান, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ মাকসুদুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভোলা জেলা শাখার সহকারী সেক্রেটারি মাওলানা আব্বাস উদ্দিন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক আমির হোসাইন, ভোলা সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা কামাল হোসেন, ভোলা পৌরসভা জামায়াতের আমির মাওলানা জামাল উদ্দিন এবং ভোলা পৌরসভা জামায়াতের নায়েবে আমির মো. রুহুল আমিন প্রমূখ।
