সর্বশেষঃ

ভোলার মদনপুরে ভূমিদস্যুদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের চর বৈরাগীতে ভূমিদস্যু ইসমাইল ও বেলায়েত বেপারির বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় ভুক্তভোগীরা।
শনিবার (১ আগস্ট) দুপুরে আয়োজিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিগত সরকারের আমলে ইসমাইল ও বেলায়েত বেপারির নেতৃত্বে একটি প্রভাবশালী চক্র চরাঞ্চলের সাধারণ মানুষকে দীর্ঘদিন ধরে নানা ধরনের নির্যাতন-নিপীড়নের শিকার করেছে। সরকার পরিবর্তনের পরও তাদের কর্মকাণ্ড বন্ধ হয়নি; বরং এখনও একইভাবে ভয়ভীতি ও দখলবাজি অব্যাহত রয়েছে বলে দাবি করেন তারা।
ভুক্তভোগীদের অভিযোগ, সরকারি আবাসন প্রকল্পের ঘর পেতে তাদের কাছ থেকে ১০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত আদায় করা হয়। এছাড়া প্রকৃত জমির মালিক হয়েও নিজেদের জমি চাষাবাদ বা লগ্নি নিতে ওই চক্রকে টাকা দিতে হয়। লগ্নির মেয়াদ শেষ হওয়ার আগেই জমি থেকে উচ্ছেদ করে অন্যদের কাছে মোটা অঙ্কের টাকার বিনিময়ে জমি দিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ করেন তারা।
এ সময় আরও অভিযোগ করা হয়, এসব অনিয়মের প্রতিবাদ করলে মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং চর থেকে বিতাড়িত করার হুমকি দেওয়া হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি চরাঞ্চলের মানুষের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
তবে এ বিষয়ে অভিযুক্ত ইসমাইল ও বেলায়েত বেপারির বক্তব্য পাওয়া যায়নি।
ভোলা জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওসার জানিয়েছে,চরের ভূমিদস্যুতার কোন অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

 

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।