বরিশালে সাংবাদিকদের কল্যাণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বরিশাল বিভাগের সাংবাদিকদের কল্যাণ, পেশাগত উন্নয়ন এবং সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সহযোগিতা করে বরিশাল সাংবাদিক ইউনিয়ন।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল বাছির।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপ-পরিচালক রফিকুল ইসলাম, ট্রাস্টিবোর্ডের সদস্য কাউছার হোসেন খন্দকার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দৌলতখান প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান সাজু, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বাংলাদেশ বাণী সম্পাদক আজাদ আলাউদ্দিন।
এছাড়া উপস্থিত ছিলেন বরিশাল প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. জাকির হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হীরা এবং বরিশাল বিভাগের বিভিন্ন জেলার সাংবাদিক ও সাংবাদিক নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় সাংবাদিকদের কল্যাণ, পেশাগত দক্ষতা বৃদ্ধি, নিরাপদ কর্মপরিবেশ, কল্যাণ ট্রাস্টের কার্যক্রম সম্প্রসারণ এবং সাংবাদিক সমাজের সার্বিক উন্নয়ন নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা সাংবাদিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা এবং কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
