মনপুরায় অস্ত্রসহ স্বপন বাহিনীর প্রধান আটক

মনপুরা প্রতিনিধি ॥
ভোলার মনপুরায় বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে কুখ্যাত ‘স্বপন বাহিনী’র প্রধান স্বপন (৫০) আটক হয়েছেন। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি দেশীয় একনলা বন্দুক ও আটটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) রাতে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২১ জুলাই রাত ১১টা থেকে ২২ জুলাই দুপুর ৩টা পর্যন্ত মনপুরা থানার কাজিরচর সংলগ্ন মাছের ঘাট বাজার এলাকায় কোস্ট গার্ড বেইস ভোলা ও আউটপোস্ট মনপুরার সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে স্বপন বাহিনীর প্রধান স্বপনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকার একটি মাছের আড়তে তল্লাশি চালিয়ে একটি দেশীয় একনলা বন্দুক ও আটটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড জানায়, আটক স্বপন ভোলার মনপুরা থানার হাজির হাট এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ‘স্বপন বাহিনী’র নেতৃত্ব দিয়ে ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন বলে দাবি করেছে বাহিনী। তার বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। উদ্ধার হওয়া আলামত ও আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত রাখবে।
