বোরহানউদ্দিনে শ্রমিক দল নেতার বিরুদ্ধে ৩০ বছরের ভোগদখলীয় জমি দখলের অভিযোগ, মানববন্ধন-সংবাদ সম্মেলন
ভোলায় গাছের ডাল পড়ে ইন্টারনেটকর্মীর মৃত্যু

ভোলার বাণী ডেস্ক :
ভোলার সদর উপজেলায় গাছের ডাল পড়ে হারুন মজুমদার (২৭) নামে এক ইন্টারনেটকর্মীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল চারটার দিকে উপজেলার বাপ্তা ইউনিয়নের সাচরা গ্রামের মজুমদার বাড়ির কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হারুন ওই গ্রামের মৃত রতন মজুমদারের ছেলে। তিনি পেশায় ইন্টারনেটকর্মী ছিলেন এবং এক সন্তানের জনক।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে বাড়ির পাশের একটি ইটভাটার কাছে ইন্টারনেট সংযোগের কাজ করছিলেন হারুন। একই স্থানে কয়েকজন শ্রমিক গাছ কাটছিলেন। এ সময় অসাবধানতাবশত গাছের একটি বড় ডাল তার মাথার ওপর পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হারুনের স্ত্রী তিশা বলেন, হঠাৎ খবর পাই আমার স্বামীর মাথায় গাছের ডাল পড়েছে এবং তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। হাসপাতালে এসে জানতে পারি তিনি আর বেঁচে নেই।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
