ভোলায় জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা, শ্রেষ্ঠ কর্মকর্তাদের সম্মাননা

স্টাফ রিপোর্টার :
ভোলা জেলা পুলিশের জুন ২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ কার্যক্রম এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। রোববার (১৯ জুলাই) ভোলা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।সভার শুরুতে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহসানুজ্জামান, পিপিএম জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং জুন মাসের অপরাধ চিত্র উপস্থাপন করেন।
সভায় পুলিশ সুপার আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের প্রস্তুতি ও করণীয় বিষয়ে নির্দেশনা দেন। একই সঙ্গে অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার অভিযান, ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার, সাইবার অপরাধ নিয়ন্ত্রণ, আদালতের ওয়ারেন্ট তামিল, স্পর্শকাতর মামলার দ্রুত তদন্ত এবং জেলা গোয়েন্দা (ডিবি) কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করেন। তিনি অপরাধ দমন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় জুন মাসে পেশাগত দায়িত্ব পালনে বিশেষ অবদান ও কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ ভোলা জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের শ্রেষ্ঠ কর্মকর্তাদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন পুলিশ সুপার।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইব্রাহীম, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তা, জেলা বিশেষ শাখা, কোর্ট পুলিশ এবং বিভিন্ন তদন্ত কেন্দ্র ও পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা পুলিশের কর্মকর্তারা জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ নিয়ন্ত্রণে সমন্বিত কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে এ ধরনের পর্যালোচনা সভা নিয়মিত আয়োজন করা হচ্ছে।
