ভোলায় টিআরসি নিয়োগ: লিখিত পরীক্ষায় অংশ নিতে ৫৬ টাকা ফি জমার নির্দেশনা
আলীনগরে বিএনপি নেতা শোয়েবের উদ্যোগে সড়ক সংস্কার, স্বস্তি পথচারীদের

স্টাফ রিপোর্টার ॥
একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ভোলা সদর উপজেলার আগার পোল থেকে আলীনগর মাদ্রাসা বাজার পর্যন্ত সড়কের বিভিন্ন ক্ষতিগ্রস্ত অংশে আলীনগর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ শোয়েবের ব্যক্তিগত উদ্যোগে সংস্কার কাজ চলছে। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা সড়কটির সংস্কার শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
স্থানীয়দের ভাষ্য, রাস্তাটি দীর্ঘদিন ধরে ব্যবহারের অনুপযোগী ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে জনসাধারণকে ব্যাপক দুর্ভোগ পোহাতে হতো। দীর্ঘদিন সংস্কার না করায় বড় বড় খানাখন্দের (গর্তের) সৃষ্টি হয়ে পানি জমে থাকে। এতে সড়কটিতে চলাচলকারী চালক-যাত্রীসহ সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হয় এবং প্রায় সময় সেখানে দীর্ঘ যানজটসহ ছোট বড় এক্সিডেন্ট হতে দেখা যায়। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষকে চরম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছিল।
এ অবস্থায় আলীনগর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ শোয়েব ব্যক্তিগত অর্থায়নে সড়ক সংস্কারের উদ্যোগ নেন। সংস্কারকাজ চলাকালে স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা উদ্যোগটিকে জনস্বার্থে সময়োপযোগী পদক্ষেপ বলে মন্তব্য করেন। ওই রাস্তা দিয়ে চলাচলকারী আটোরিকশাচালক মো. কাশেম বলেন, এই রাস্তায় মানুষ যেতে চায় না। অনেক সময় লাগে। অটোরিকশার অনেক ক্ষতি হয়। মটর, চালা, বিয়ারিং ভেঙ্গে যায়। যাত্রীরা বিরক্ত হয়। তারপরেও যাতায়াত করতে হয় জীবনের ঝুঁকি নিয়ে। আর আমাদের এই কষ্টের কথা জানতে পেরে নিজ উদ্যোগে বিএনপির এই নেতা রাস্তাটি ইট দিয়ে সংস্কার করে দিচ্ছেন। সত্যিই তার কাছে আমরা কৃতজ্ঞ।
পথচারী মো. আল- আমিন বলেন, দীর্ঘদিন ধরে এই রাস্তা দিয়ে চলাচল করা খুবই কষ্টকর হয়ে পড়েছিল। মো. শোয়েব মতো এই নেতা আমাদের সাধারণ মানুষের কষ্টের কথা বিবেচনা করে চলাচলের দুর্ভোগ লাঘবে ইট বিছিয়ে ব্যক্তি উদ্যোগে এই রাস্তা সংস্কার করে দিলেন। সত্যিই তিনি একজন ভালো মানুষ। তাই এতো বড় মহৎ উদ্যোগ তিনি নিয়েছেন। তবে সড়কটির স্থায়ী সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
