সর্বশেষঃ

বিভ্রান্ত না হওয়ার আহ্বান ভোলা সরকারি মহিলা কলেজ কর্তৃপক্ষের

মো: সোহেল রানা ॥
ভোলা সরকারি মহিলা কলেজ কেন্দ্র থেকে চলতি বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা ২০২৬-এর উত্তরপত্র ও ওএমআর শিট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশালে প্রেরণ করা হয়নি এমন একটি খবর সম্প্রতি কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে প্রকাশিত এই তথ্যটি সম্পূর্ণ ভিত্তিহীন, অসত্য এবং প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুন্ন করার একটি অপচেষ্টা বলে দাবি করেছে কলেজ প্রশাসন।
কলেজ কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, গত ২ জুলাই ডাকঘরের অবহেলা বা ভুলবশত বাংলা প্রথম পত্রের ওএমআর শিটের অংশটি বরিশাল শিক্ষা বোর্ডের পরিবর্তে ভুল ঠিকানায় জাতীয় বিশ্ববিদ্যালয়ে চলে গিয়েছিল। তবে বিষয়টি কলেজ প্রশাসনের নজরে আসার সাথে সাথেই কোনো ধরনের সময়ক্ষেপণ করা হয়নি। যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দ্রুত যোগাযোগ করে তা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে উদ্ধার করা হয় এবং সম্পূর্ণ নিরাপদে বরিশাল শিক্ষা বোর্ডে পাঠিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে পরীক্ষার কোনো সামগ্রী বা ওএমআর শিট পাঠাতে বাকি নেই। কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়া এ ধরনের স্পর্শকাতর ও আংশিক তথ্য প্রচার করায় পরীক্ষার্থী, অভিভাবক এবং সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ ও বিভ্রান্তি তৈরি হচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়। নির্ধারিত সরকারি নীতিমালা ও সময়সূচি অক্ষরে অক্ষরে অনুসরণ করেই পরীক্ষার যাবতীয় কার্যক্রম অত্যন্ত স্বচ্ছতার সাথে সম্পন্ন করা হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে কলেজ প্রশাসন স্পষ্ট জানিয়েছে, তারা স্বচ্ছতা ও জবাবদিহিতার জায়গায় সবসময় অবিচল। যেকোনো ধরনের অপপ্রচারে কান না দিয়ে, পরীক্ষা সংক্রান্ত সঠিক তথ্যের জন্য প্রয়োজনে সরাসরি কলেজ প্রশাসনের সাথে যোগাযোগ করার জন্য সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। সব শিক্ষার্থীকে নির্বিঘ্নে পরবর্তী পরীক্ষাগুলোতে মনোনিবেশ করার আহ্বান জানিয়েছেন শিক্ষকরা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।