বিভ্রান্ত না হওয়ার আহ্বান ভোলা সরকারি মহিলা কলেজ কর্তৃপক্ষের
দৌলতখানে জমি নিয়ে সংঘর্ষ : পুলিশ সদস্যসহ আটক-২

ভোলার বাণী ডেস্ক :
ভোলার দৌলতখানে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ ও হামলার ঘটনায় এক পুলিশ সদস্যকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত ওই পুলিশ সদস্য বর্তমানে ঢাকার রমনা পুলিশ অফিসার্স মেসে জিম প্রশিক্ষক হিসেবে কর্মরত। ঘটনার পরপরই তাকে এবং তার এক সহযোগীকে আটক করা হয়েছে। একই সঙ্গে পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (১৩ জুলাই) সন্ধ্যার পর দৌলতখান পৌর এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় আহত হয়েছেন দৌলতখান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. সেলিম এবং সৈয়দপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. লিটন। তাদের দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আটক পুলিশ সদস্য নুরউদ্দিন দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৃত আলাউদ্দিনের ছেলে। তিনি ঢাকার রমনা পুলিশ অফিসার্স মেসে জিম প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রত্যক্ষদর্শী ও আহতদের অভিযোগ, গ্রামের বাড়িতে এসে নুরউদ্দিন তার চাচা লিটনের জমির গাছ কাটতে গেলে লিটন ও পরিবারের সদস্যরা বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে নুরউদ্দিন, তার সহযোগী মুহাইমিন শিকদার এবং আরও কয়েকজন মিলে লিটন ও সেলিমকে লাঠি ও রড দিয়ে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে।
ওই বাড়ির বাসিন্দা আলাউদ্দিন মাস্টার অভিযোগ করেন, গাছ কাটতে বাধা দেওয়ায় তাকেও ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়।
তবে অভিযুক্ত নুরউদ্দিনের ভাই আল আমিন বলেন, তার ভাই কয়েকদিন ধরে মানসিকভাবে অসুস্থ। অনাকাঙ্ক্ষিত এ ঘটনার জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন।
হাসপাতালে চিকিৎসাধীন লিটন বলেন, হামলার সময় তাকে ও সেলিমকে লাঠি ও রড দিয়ে মারধর করা হয়। এতে তাদের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। এ ঘটনায় তারা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম বলেন, ঘটনার পরপরই পুলিশ সদস্য নুরউদ্দিন ও তার সহযোগী মুহাইমিন শিকদারকে আটক করা হয়েছে। নুরউদ্দিনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এছাড়া মুহাইমিন শিকদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। হামলার ঘটনায় প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত কার্যক্রমও চলমান রয়েছে।
