সর্বশেষঃ

চরফ্যাশনে আলিম পরীক্ষায় অসদুপায় অবলম্বন, ৪ পরীক্ষার্থী বহিষ্কার

ভোলার বাণী ডেস্ক : 

ভোলার চরফ্যাশনে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের আলিম পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে চার পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (৮ জুলাই) বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা চলাকালে উপজেলার চেয়ারম্যানবাজার আইডিয়াল কলেজ কেন্দ্রের বিভিন্ন কক্ষে দায়িত্ব পালনরত পরিদর্শকরা কয়েকজন পরীক্ষার্থীকে অসদুপায় অবলম্বন করতে দেখেন। পরে বিষয়টি কেন্দ্র কর্তৃপক্ষকে জানানো হলে অভিযোগ যাচাই-বাছাই শেষে চার পরীক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

কেন্দ্র কর্তৃপক্ষের প্রকাশিত নোটিশ (নোটিশ নং-০১) অনুযায়ী, পরীক্ষা চলাকালে নকলসহ অসদুপায় অবলম্বনের অভিযোগ প্রমাণিত হওয়ায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা বিধিমালা অনুসারে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ নুরুল আমিন স্বাক্ষরিত নোটিশে বলা হয়, পরীক্ষার স্বচ্ছতা, সুষ্ঠু পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখতে অসদুপায়ের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

পরীক্ষাকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে কেন্দ্রজুড়ে নজরদারি আরও জোরদার করা হয়েছে। পরীক্ষার নিয়ম-শৃঙ্খলা নিশ্চিত করতে প্রতিটি কক্ষে দায়িত্বপ্রাপ্ত পরিদর্শকরা সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন বলেও জানান তারা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।