সর্বশেষঃ

ভোলার মেঘনায় জেলের জালে ২ কেজি ১৩০ গ্রামের রাজা ইলিশ, বিক্রি ৯ হাজার টাকায়

স্টাফ রিপোর্টার : 

ভোলার মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২ কেজি ১৩০ গ্রাম ওজনের একটি বড় আকৃতির রাজা ইলিশ। প্রকাশ্য নিলামে মাছটি ৯ হাজার টাকায় বিক্রি হয়েছে। আড়তদারদের ধারণা, ঢাকার মাওয়া পাইকারি বাজারে এটি আরও বেশি দামে বিক্রি হতে পারে। সোমবার (৬ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ভোলা সদর উপজেলার তুলাতুলি মৎস্য ঘাটে মাছটি নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।

তুলাতুলি মৎস্য ঘাটের ব্যবসায়ী মো. মঞ্জু ইসলাম জানান, সন্ধ্যার দিকে ঘাটের আড়তদার আ. খালেক মেম্বারের আড়তে এক জেলে ২ কেজি ১৩০ গ্রাম ওজনের রাজা ইলিশটি নিয়ে আসেন। পরে ঘাটে উপস্থিত বিভিন্ন আড়তদারের অংশগ্রহণে প্রকাশ্যে নিলাম অনুষ্ঠিত হয়। এতে সর্বোচ্চ ৯ হাজার টাকা দর হাঁকিয়ে মাছটি কিনে নেন আড়তদার মো. কামাল ব্যাপারী।

আড়তদার আ. খালেক মেম্বার বলেন, বিকেলে দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের জেলে গিয়াস উদ্দিন মাঝি মেঘনা নদীতে মাছ ধরতে যান। জাল টেনে তোলার পর একটি বড় আকৃতির রাজা ইলিশসহ বিভিন্ন আকারের আরও কয়েকটি ইলিশ ধরা পড়ে। পরে সন্ধ্যায় তিনি মাছগুলো নিয়ে তুলাতুলি মৎস্য ঘাটে আসেন। সেখানেই রাজা ইলিশটি নিলামে বিক্রি করা হয়।

কামাল ব্যাপারীর আড়তের ম্যানেজার মো. নাছিম বলেন, সর্বোচ্চ দর দিয়ে মাছটি কেনা হয়েছে। রাতেই অন্যান্য ইলিশের সঙ্গে এটি মাওয়ার পাইকারি বাজারে পাঠানো হবে। সেখানে মাছটি ১০ হাজার থেকে সাড়ে ১০ হাজার টাকায় বিক্রি হবে বলে তাদের আশা।

এ বিষয়ে ভোলা সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মেহেদী হাসান ভুঁইয়া বলেন, বর্তমানে টানা বৃষ্টিপাতের কারণে সাগর থেকে ইলিশ নদীতে উঠে আসছে। এ সময়ে তুলনামূলক বড় আকারের ইলিশ বেশি ধরা পড়ছে। ইতোমধ্যে রাজা ইলিশও জেলেদের জালে উঠতে শুরু করেছে। আগামী দিনগুলোতে আরও বড় আকারের ইলিশ ধরা পড়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।