‘ভোলা বিজনেস ফোরাম-৮৬’-এর প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
ঢাকার পূর্বাচলে অনুষ্ঠিত হয়েছে ‘ভোলা বিজনেস ফোরাম-৮৬’-এর প্রথম বার্ষিক সাধারণ সভা (এজিএম)-২০২৬। দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা অংশ নিয়ে গত অর্থবছরের কার্যক্রম পর্যালোচনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। শুক্রবার (৪ জুলাই) পূর্বাচলের সী শেল রিসোর্টে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি মো. ফিরোজ উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার ব্যবসায়ী ও রাজনীতিবিদ এবং ‘বন্ধুমহল এসএসসি-৮৬ ভোলা’র উপদেষ্টা তরিকুল ইসলাম কায়েদ। এছাড়া বক্তব্য দেন মো. শাহিন শাহ, শাহ এমরান, মো. মুসা, মো. ফরহাদসহ ফোরামের অন্যান্য সদস্য।
সভায় ২০২৫-২৬ অর্থবছরে ফোরামের ব্যবসায়িক কার্যক্রম ও আর্থিক অগ্রগতি পর্যালোচনা করা হয়। বিনিয়োগের বিপরীতে অর্জিত লভ্যাংশ নিয়ে সদস্যরা সন্তোষ প্রকাশ করেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও শক্তিশালী, স্বচ্ছ ও গতিশীল করতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ এবং তা বাস্তবায়নের বিষয়ে সদস্যরা মতামত দেন।
সভা শেষে সভাপতি মো. ফিরোজ উদ্দিন উপস্থিত সদস্যদের সহযোগিতা ও অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান। তিনি ফোরামের ভবিষ্যৎ কার্যক্রমে সদস্যদের ঐক্য ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান। আয়োজকদের দাবি, এ বার্ষিক সাধারণ সভা সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি ব্যবসায়িক সহযোগিতা সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে।
