সর্বশেষঃ

ভোলায় স্বামীর সঙ্গে অভিমান করে গৃহবধূর আত্মহত্যা

ভোলার সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নে স্বামীর সঙ্গে অভিমান করে সামিয়া বেগম (১৯) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

শুক্রবার (৩ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে পূর্ব ইলিশা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত সামিয়া ওই এলাকার বাসিন্দা রাকিব হোসেনের স্ত্রী। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে পারিবারিকভাবে রাকিব ও সামিয়ার বিয়ে হয়। বিয়ের পর কিছুদিন সংসার ভালোভাবে চললেও পরবর্তীতে বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। ঘটনার দিন দুপুরে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। রাতে রাকিব বাড়িতে ফিরলে আবারও তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাকিব ঘর থেকে বের হয়ে গেলে সামিয়া ঘরের দরজা বন্ধ করে আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন।

পরে রাকিব ফিরে এসে সামিয়াকে ডাকাডাকি করেন। কিন্তু তার কোনো সাড়া শব্দ না পেয়ে ডাক চিৎকার দিলে আশপাশের মানুষ ছুটে এসে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর তাকে দ্রুত উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সামিয়ার স্বামী রাকিব হোসেন জানান, দুপুরের ঝগড়ার পর রাতে স্ত্রীকে বোঝানোর চেষ্টা করেছিলেন। তখন সামিয়া আরও অভিমান করে রেগে যান। পরে তিনি ঘর থেকে বের হয়ে গেলে সামিয়া এ ঘটনা ঘটান।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।