সর্বশেষঃ

ভোলায় জেইউটিটিআই এ ৩ মাসের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু

স্টাফ রিপোর্টার :

দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে ভোলায় জাতীয় মানব সম্পদ উন্নয়ন তহবিলের (এনএইচআরডিএফ) অর্থায়নে তিন মাসব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ব্যাংকেরহাট এলাকায় অবস্থিত জন উন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট (জেইউটিটিআই) প্রাঙ্গণে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মসূচির আওতায় জেনারেল কেয়ার গিভিং, ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস, টেইলারিং অ্যান্ড ড্রেস মেকিং এবং সোলার ইলেকট্রিক্যাল সিস্টেম ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন ভোলা জেলা পরিষদের প্রশাসক গোলাম নবী আলমগীর। বিশেষ অতিথি ছিলেন ভোলার সিভিল সার্জন ডা. মো. মনিরুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জন উন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের চেয়ারম্যান জাকির হোসেন। স্বাগত বক্তব্য দেন জিজেইউএসের পরিচালক হুমায়ুন কবীর। এ ছাড়া বক্তব্য দেন জেইউটিটিআইয়ের অধ্যক্ষ সাধন কুমার পাল।
বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার বিকল্প নেই। কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের আধুনিক দক্ষতায় গড়ে তোলা সম্ভব। জাতীয় মানব সম্পদ উন্নয়ন তহবিলের এ উদ্যোগ প্রশিক্ষণার্থীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি আত্মকর্মসংস্থানের ক্ষেত্রও সৃষ্টি করবে। এর মাধ্যমে তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন বলেও তারা আশা প্রকাশ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কর্মকর্তা, প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।