ইজারাবিহীন বাজারে ফের ‘খাজনা’ আদায়ের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত অভিযোগ
লালমোহনে কৃষি প্রণোদনায় প্রায় ৫ হাজার কৃষক পাচ্ছেন আমন বীজ ও সার

ভোলার লালমোহন উপজেলায় খরিপ-২ মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ, সার, সবজির বীজ, মরিচের বীজ, বৃক্ষচারা ও জৈব সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবু হাসনাইনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিফাত বিন সাদেক।
এ সময় উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কৃষকেরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, খরিপ-২ মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট ৪ হাজার ৬০০ জন কৃষককে আমন ধানের বীজ ও রাসায়নিক সার দেওয়া হবে। প্রতিজন কৃষক পাবেন ৫ কেজি আমন বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার।
এ ছাড়া সামাজিক বনায়ন ও পরিবেশ সংরক্ষণ কর্মসূচির অংশ হিসেবে ৫ হাজার ৩৯০ জন কৃষকের প্রত্যেককে পাঁচটি করে বৃক্ষের চারা, ২৫ কেজি গোবর সার এবং পাঁচটি করে খুঁটি বিতরণ করা হবে।
হাইব্রিড মরিচ চাষ সম্প্রসারণ কর্মসূচির আওতায় ২৫০ জন কৃষককে ১০ গ্রাম ওজনের এক প্যাকেট মরিচের বীজ, ৫ কেজি ডিএপি সার, ৫ কেজি এমওপি সার এবং ১০০ মিলিলিটার তরল বালাইনাশক দেওয়া হবে।
এদিকে গ্রীষ্মকালীন শাকসবজির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১ হাজার ৫০০ জন কৃষকের মাঝে সাত ধরনের সাত প্যাকেট সবজির বীজ, ১৫ কেজি ডিএপি সার এবং ১৫ কেজি এমওপি সার বিতরণ করা হবে।
এ ছাড়া ১০০ জন কৃষককে পাঁচটি করে লেবুর চারা ও ২৫ কেজি জৈব বা গোবর সার দেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা কৃষি অফিস।
অনুষ্ঠান শেষে লালমোহন পৌরসভার উদ্যোগে হেলিপ্যাড এলাকার চারপাশে নারকেলসহ বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।
গাছ রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. সিফাত বিন সাদেক। এ সময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. আরিফ হোসেন, সহকারী প্রকৌশলী মো. কামাল উদ্দিন, উপসহকারী প্রকৌশলী নিজাম উদ্দিনসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী।
