ভোলা-বরিশাল সেতু ও ৬ লেন মহাসড়কসহ ৪ দাবিতে উত্তাল দক্ষিণাঞ্চল: সংসদে ক্ষোভের ঝড়
প্রযুক্তি দক্ষতায় এগিয়ে অনগ্রসর জনগোষ্ঠী, ভোলায় ২৫ প্রশিক্ষণার্থীর হাতে সনদ তুলে দিলেন ডিসি

স্টাফ রিপোর্টার :
ভোলা সমাজসেবা অধিদপ্তরের অধীন অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় জেলায় ১৫ দিনব্যাপী ‘বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশন’ ট্রেডে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) দুপুর ২টায় উপজেলা রোডস্থ শহর সমাজসেবা কার্যালয়, ভোলার দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান। সভাপতিত্ব করেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়, বরিশালের পরিচালক (উপসচিব) শাহ মো. রফিকুল ইসলাম। সমাপনী অনুষ্ঠানে ১৬ জুন থেকে ৩০ জুন পর্যন্ত অনুষ্ঠিত প্রশিক্ষণ কোর্সে অংশ নেওয়া ২৫ জন অনগ্রসর জনগোষ্ঠীর সদস্যের মধ্যে সনদপত্র, প্রশিক্ষণ ভাতা এবং পুনর্বাসন অনুদানের চেক বিতরণ করা হয়।
এ সময় জেলা সমাজসেবা কার্যালয়, ভোলার উপপরিচালক রজত শুভ্র সরকার এবং সহকারী পরিচালক কাজী গোলাম কবিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে সভাপতি ও প্রধান অতিথি অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে উদ্বুদ্ধমূলক ও তথ্যবহুল বক্তব্য দেন। তারা দক্ষতা অর্জনের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি, তথ্যপ্রযুক্তি ব্যবহারে সক্ষমতা বৃদ্ধি এবং সমাজে মর্যাদাপূর্ণ অবস্থান গড়ে তুলতে প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান। সমাজসেবা অধিদপ্তরের এ কর্মসূচির মাধ্যমে অনগ্রসর জনগোষ্ঠীকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের পাশাপাশি পুনর্বাসন সহায়তা প্রদান করে তাদের অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
