ভোলায় টিআরসি নিয়োগ: লিখিত পরীক্ষায় অংশ নিতে ৫৬ টাকা ফি জমার নির্দেশনা
ভোলায় বাস মালিক সমিতির হয়রানির অভিযোগে সিএনজি চালকদের মানববন্ধন, ডিসি বরাবর স্মারকলিপি

স্টাফ রিপোর্টার :
ভোলায় সিএনজি চালকদের ওপর বাস মালিক সমিতির একটি অংশের বিরুদ্ধে হয়রানি, চাঁদাবাজি ও শারীরিক নির্যাতনের অভিযোগ তুলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন পরিবহন শ্রমিকরা। মঙ্গলবার (৩০ জুন) সকাল সাড়ে ৯টায় ভোলা প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন, ভোলা জেলা শাখা (রেজি. নং: বি-২২২৩)-এর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন এলাকার শতাধিক সিএনজি চালক ও পরিবহন শ্রমিক অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ভোলার বিভিন্ন সড়কে বাস মালিক সমিতির প্রভাবশালী একটি মহল সিএনজি চালকদের গাড়ি আটকে অবৈধ চাঁদা দাবি, মারধর এবং গাড়ি ভাঙচুরের মতো ঘটনা ঘটিয়ে আসছে। এতে চালকদের স্বাভাবিকভাবে জীবিকা নির্বাহ ব্যাহত হচ্ছে।
বক্তারা বলেন, “আমরা খেটে খাওয়া মানুষ। প্রতিনিয়ত হয়রানি ও নির্যাতনের শিকার হচ্ছি। অবিলম্বে এসব বন্ধ না হলে চাকা বন্ধসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”
মানববন্ধন শেষে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে সিএনজি চালকদের নিরাপত্তা নিশ্চিত, অবৈধ চাঁদাবাজি বন্ধ এবং অভিযোগে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রমিক প্রতিনিধিদের আশ্বস্ত করা হয়, অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সড়কে কোনো ধরনের অবৈধ হয়রানি বরদাশত করা হবে না।
এ সময় বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন, ভোলা জেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।
