প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর ভোলায় বৃক্ষরোপণ শুরু, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

আগামীতে নিরাপদ প্রাকৃতিক অক্সিজেন নিশ্চিতকরণ এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ স্লোগানে ভোলায় বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সোমবার (২৯ জুন) দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনের পর ভোলার দৌলতখান উপজেলায় জয়নুল আবেদীন ল্যাবরেটরি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে নিমগাছের চারা রোপণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন খানসহ ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে এই কর্মসূচিতে অংশ নেন।
এর আগে, ভোলা থেকে ভার্চ্যুয়ালি প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচিতে জেলার একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে যুক্ত হন ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ আমন্ত্রিত অতিথিরা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বক্তব্যে সবাইকে প্রতি বর্ষা মৌসুমে অন্তত একটি করে গাছ রোপণের উদাত্ত আহ্বান জানান। পাশাপাশি শিক্ষার্থীদের গাছ লাগাতে বেশি করে উদ্বুদ্ধ করার জন্য শিক্ষকদের প্রতি বিশেষ নির্দেশ দেন তিনি।
বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মতিন খান, জয়নুল আবেদীন ল্যাবরেটরি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল্লাহ আল মামুন, ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাচ্চু মোল্লা, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যক্ষ খালেদা খানমসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
