তরমুজের খোসায় নতুন সম্ভাবনা, খাদ্য ও ওষুধ শিল্পে হতে পারে মূল্যবান কাঁচামাল
বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে ভোলায় আলোচনা সভা

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে ভোলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা শিশুশ্রম নির্মূলে সরকার, প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী এবং সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
সোমবার (২৯ জুন) সকালে ভোলা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডিআইএফই), বরিশালের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সহযোগিতা করে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলা জেলা প্রশাসক ড. শাহীম রহমান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বেলায়েত হোসেন, সদর উপজেলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আরিফুজ্জামান, জিজেইউএসের পরিচালক মো. মোস্তফা কামাল, অতিরিক্ত পরিচালক ডা. খলিলুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিল্প-কারখানার প্রতিনিধি, শিক্ষক, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, শ্রম সংশ্লিষ্ট ব্যক্তি ও সুশীল সমাজের সদস্যরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিশুশ্রম একটি সামাজিক ও অর্থনৈতিক সমস্যা। দারিদ্র্য, সচেতনতার অভাব এবং শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হওয়ার কারণে অনেক শিশু ঝুঁকিপূর্ণ শ্রমে জড়িয়ে পড়ে। এ পরিস্থিতি থেকে উত্তরণে শিশুদের বিদ্যালয়মুখী করা, সামাজিক নিরাপত্তা কর্মসূচির পরিধি বাড়ানো এবং বিদ্যমান আইন কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।
বক্তারা আরও বলেন, শিশুদের স্বাভাবিক শৈশব, শিক্ষা এবং নিরাপদ বিকাশ নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের যৌথ দায়িত্ব। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের অংশ হিসেবে শিশুশ্রম নিরসনে সরকারের বিভিন্ন উদ্যোগের পাশাপাশি স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক অংশগ্রহণ আরও জোরদার করতে হবে।
এ বছরের বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের বৈশ্বিক প্রতিপাদ্য ছিল, ‘শিশুশ্রমকে লাল কার্ড: শিশুদের জন্য ন্যায্যতা, প্রাপ্তবয়স্কদের জন্য মর্যাদাপূর্ণ কাজ।’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। সভা শেষে বক্তারা শিশুশ্রমমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, অভিভাবক এবং সমাজের সব স্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।
