সর্বশেষঃ

ভোলায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা মহড়ায় অংশ নিলেন উপকূলের হাজারো মানুষ

উপকূলীয় এলাকায় দুর্যোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে দ্বীপ জেলা ভোলায় এক বিশেষ ঘূর্ণিঝড় সতর্কীকরণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগের আগে, দুর্যোগ চলাকালীন ও দুর্যোগ পরবর্তী সময়ে ব্যক্তি, পরিবার ও সামাজিক প্রস্তুতিসহ জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার লক্ষ্যে গতকাল শনিবার বিকেলে সদর উপজেলার ইলিয়াছ মিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এ মহড়ার আয়োজন করে। দুর্যোগ মোকাবিলা ও সচেতনতা বৃদ্ধির জন্য আয়োজিত এই অনুষ্ঠানে উপকূলের হাজারো মানুষ অত্যন্ত মনোযোগের সাথে অংশগ্রহণ করেন।

প্রতি বছর ঘূর্ণিঝড়ে উপকূলের অসংখ্য মানুষের জানমাল ও সহায়-সম্বলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, যার একটি বড় কারণ সচেতনতার অভাব। তাই ঘূর্ণিঝড় চলাকালে করণীয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই মাঠ মহড়ায় বিভিন্ন অভিনয়ের মাধ্যমে উপকূলের মানুষের জীবনযাত্রা ও ঘূর্ণিঝড়কালীন করণীয় বিষয়গুলো নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়। মহড়ায় দেখানো হয়, দৈনন্দিন কাজকর্ম ও আনন্দ-উৎসবের মাঝেই হঠাৎ ঘূর্ণিঝড়ের আঘাতে লন্ডভন্ড হয়ে যায় পুরো একটি গ্রাম। গাছপালা ও ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে বহু মানুষ হতাহত হন। ঝড় থেমে যাওয়ার পর ধ্বংসস্তূপ থেকে হতাহতদের দ্রুত উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা দেওয়াসহ নানা কাজ করে দেখান সিপিপির নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবীরা।

মহড়ায় অংশ নেওয়া সিপিপির স্বেচ্ছাসেবক মাকসুদুর রহমান জানান, দুর্যোগকালীন সময়ে স্বেচ্ছাসেবকদের এবং সাধারণ গ্রামবাসীদের কী করণীয়, মূলত সে বিষয়েই একটি সুস্পষ্ট ধারণা দেওয়া হয় এই মহড়া থেকে। সচেতনতামূলক এই মহড়াটি মাঠের চারদিকে দাঁড়িয়ে উপভোগ করেন দুর্যোগের শিকার অসংখ্য মানুষ ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা। মহড়া শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খান এতে অংশ নেওয়া স্বেচ্ছাসেবকদের মাঝে পুরস্কার বিতরণ করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যৎ প্রজন্ম যাতে দুর্যোগ সম্পর্কে আগে থেকেই সচেতন হতে পারে, সেজন্য আগামীতে স্কুল পর্যায়েও এ ধরনের দুর্যোগ মহড়ার আয়োজন করা হবে।

ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পরিচালক এবং সিপিপির (প্রশাসন) মোহাম্মদ নাজমুল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা পরিষদ প্রশাসক মো. গোলাম নবী আলমগীর, ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সোহান সরকার। এছাড়াও ভোলা জেলা সিপিপির উপ-পরিচালক মো. হাসানুল আমিন, সদর উপজেলার টিম লিডার আবুল হাসনাত তসলিম, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্স অ্যাডভাইজার মোহাম্মদ সাজেদসহ দুর্যোগ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।