১২ দফা দাবিতে ভোলায় ওজোপাডিকো শ্রমিকদের মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি
১২ দফা দাবিতে ভোলায় ওজোপাডিকো শ্রমিকদের মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

অর্গানোগ্রাম সংশোধন, আউটসোর্সিং নিয়োগ বাতিল, স্থায়ী নিয়োগ চালু ও পে-স্কেল বাস্তবায়নসহ ১২ দফা দাবিতে ভোলায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) লিমিটেডের শ্রমিক-কর্মচারীরা।
শনিবার (২৭ জুন) সকালে ভোলা ওজোপাডিকো কার্যালয় চত্বরে এ কর্মসূচির আয়োজন করে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন (সিবিএ)।
মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের ভোলা শাখার সভাপতি এস এম সোহাগ হোসেন ও সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ। এ সময় ইউনিয়নের নেতৃবৃন্দ, পিসরেট শ্রমিক এবং বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ওজোপাডিকোকে আরও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে এবং গ্রাহকসেবার মান উন্নয়নে দক্ষ ও স্থায়ী জনবল নিশ্চিত করা জরুরি। এ জন্য অর্গানোগ্রাম সংশোধনের মাধ্যমে নতুন স্থায়ী পদ সৃষ্টি, নিয়োগ ও পদোন্নতিতে স্বচ্ছতা নিশ্চিত, বেতন-ভাতা সংক্রান্ত জটিলতার সমাধান এবং শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবি জানান তারা।
তাঁরা আরও বলেন, শ্রম আইন, বিধিমালা, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কনভেনশন, সার্বজনীন মানবাধিকার ঘোষণা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) আলোকে শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে কর্মক্ষেত্রে বৈষম্য দূরীকরণ, সামাজিক সুরক্ষা, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা এবং ভিন্ন মতাদর্শের কারণে কোনো কর্মচারীকে চাকরির সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত না করার দাবিও জানান।
সমাবেশে বক্তারা অস্থায়ী ও আউটসোর্সিংভিত্তিক নিয়োগ ব্যবস্থা বাতিল করে স্থায়ী নিয়োগের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি ১২ দফা দাবি দ্রুত বাস্তবায়নে সরকারের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।
দাবি দ্রুত বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা।
