পান্তা ভাতেই চলে জীবন, দুই নাতিকে নিয়ে বাঁচার আকুতি রিজিয়া বিবির
৫ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও বৃক্ষ চারা বিতরণ

ভোলার দৌলতখানে কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধান, মরিচ ও শাকসবজির বীজ, বৃক্ষ চারা, সার, বালাইনাশক এবং কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে দৌলতখান উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন ভোলা-২ আসনের সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম।
দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ হুমায়রা সিদ্দিকা।
অনুষ্ঠানে উপজেলা কৃষকদলের সভাপতি আলমগীর হোসেন, বিএনপি নেতা ফজলে রাব্বি সাগরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, কৃষি বিভাগের কর্মকর্তা ও উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় উপজেলার মোট ৫ হাজার ১৮৩ জন কৃষকের মাঝে বিভিন্ন ধরনের কৃষি প্রণোদনা ও পুনর্বাসন সামগ্রী বিতরণ করা হচ্ছে।
এর মধ্যে আমন পুনর্বাসন কর্মসূচির আওতায় ২ হাজার ৭০০ জন কৃষক, শাকসবজির বীজ কর্মসূচিতে ১ হাজার ৫০০ জন কৃষক এবং মরিচ পুনর্বাসন কর্মসূচিতে ১০০ জন কৃষক সহায়তা পাচ্ছেন।
এছাড়া ৮৮৩ জন কৃষকের মাঝে মোট ৪ হাজার ৪১৫টি ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। বিতরণকৃত চারার মধ্যে রয়েছে নারিকেল, আম, কাঁঠাল, আমড়া, কদবেল, লেবু, মাল্টা, সুপারি, মেহগনি, নিম ও রেইনট্রি।
কৃষি অফিস জানায়, ৫৮০ জন কৃষকের মাঝে ২ হাজার ৯০০টি নারিকেল চারা, ৯২ জনের মাঝে ৪৬০টি আম চারা, ২৪ জনের মাঝে ১২০টি কাঁঠাল চারা এবং ২৬ জনের মাঝে ১৩০টি মাল্টা ও কদবেল চারা বিতরণ করা হয়েছে। এছাড়া অন্যান্য কৃষকদের মধ্যে আমড়া, সুপারি, মেহগনি, নিম ও রেইনট্রির ৭৩০টি চারা বিতরণ করা হয়।
আলোচনা সভা শেষে অতিথিরা উপজেলা মডেল মসজিদের দক্ষিণ পাশে একটি নারিকেল গাছের চারা রোপণ করেন। এর মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
