সর্বশেষঃ

ভোলায় শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক বরখাস্ত, গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

একজন শিক্ষক, যার হাতে থাকার কথা ছিল শিক্ষার্থীদের নিরাপত্তা ও ভবিষ্যৎ। কিন্তু সেই শিক্ষকের বিরুদ্ধেই উঠেছে এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ। ভোলার এই ঘটনাকে ঘিরে এখন উত্তাল পুরো এলাকা। অভিযুক্ত শিক্ষককে বরখাস্ত করা হয়েছে, চলছে গ্রেপ্তারের চেষ্টা। কী ঘটেছিল সেদিন? কেন রাস্তায় নেমেছেন এলাকাবাসী?

ভোলার ধনিয়া ইউনিয়নের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অশোক চন্দ্র দাসের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে। তিনি বিদ্যালয়টির সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

মামলার এজাহার ও ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা যায়, গত ১৫ জুন বেলা ১১টার দিকে বিদ্যালয় চলাকালে অভিযুক্ত শিক্ষক ওই শিক্ষার্থীকে স্কুল ভবনের তৃতীয় তলার চিলেকোঠায় ডেকে নিয়ে যান। সেখানে তিনি শিক্ষার্থীকে বলাৎকার করেন বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় রোববার (২২ জুন) ভুক্তভোগী শিক্ষার্থীর মা ভোলা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

ঘটনার প্রতিবাদ ও অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবিতে রোববার ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে মানববন্ধন করেন স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা। মানববন্ধন থেকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

এ বিষয়ে ভোলা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অসীম ঘোষ বিশ্বাস জানান, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে ।

ভোলা মডেল থানার পক্ষ থেকে জানানো হয়েছে, ভুক্তভোগী শিক্ষার্থীর মা অভিযোগ দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।