সর্বশেষঃ

ভোলায় গরুর খামার দখল ও গরু লুটের অভিযোগ, সিসিটিভি ফুটেজ ঘিরে তোলপাড় ।

স্টাফ রিপোর্টার :

ভোরের আলো ফোটার আগেই গরুর খামারে হামলা, ভাঙচুরের অভিযোগ, আর সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে গরু নিয়ে যাওয়ার দৃশ্য! ভোলার পশ্চিম ইলিশায় গরুর খামার দখল ও গরু লুটের অভিযোগ ঘিরে এখন তুমুল আলোচনা। ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের সদূরচর ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল কালাম খান অভিযোগ করেন, দীর্ঘ ২৫ থেকে ৩০ বছর ধরে তিনি নিজ মালিকানাধীন জমিতে খান ব্রিক ফিল্ড, গরুর খামার পরিচালনা করে আসছেন। সম্প্রতি স্থানীয় ব্যক্তি সাঈদ মাল ও তার লোকজন ওই খামারের জমি নিজেদের দাবি করে আসছেন।

তার দাবি, রবিবার (২১ জুন) সকাল ৬টা ১৯ মিনিটের দিকে সাঈদ মাল, সাইফুল মাল, তানজিল মাল, হিরন মাল, মনির মাল, নূরে আলম মাল, মিরাজ মাল, তারা ভানু, সুফিয়া, মিনজুসহ আরও কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার গরুর খামারে হামলা চালায়। এ সময় খামার ভাঙচুর করা হয় এবং সিসিটিভি ফুটেজে দুটি গরু নিয়ে যাওয়ার দৃশ্য দেখা যায় বলে তিনি দাবি করেন।

আবুল কালাম খানের অভিযোগ, নিয়ে যাওয়া দুটি গরুর আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা। এছাড়া হামলাকারীরা খামারের রাখাল ও কর্মচারীদের প্রাণনাশের হুমকি দিয়েছে। বর্তমানে খামারটি দখল করে রাখা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করে সাঈদ মাল মুঠোফোনে বলেন, এ বিরোধ নতুন নয়। প্রায় পাঁচ থেকে ছয় বছর ধরে জমি নিয়ে বিরোধ চলছে। বিষয়টি স্থানীয়ভাবে বিভিন্ন মহল এবং বিএনপির দায়িত্বশীল ব্যক্তিরাও জানেন। আমার নামে জমির বৈধ কাগজপত্র রয়েছে এবং পুরো জায়গাটি আমার মালিকানাধীন।

তিনি স্বীকার করেন যে বর্তমানে খামারটি তাদের দখলে রয়েছে। তবে তার দাবি তাদের গরু আমরা বুঝিয়ে দিয়েছি। জমি ও মালিকানার সব ধরনের বৈধ কাগজপত্র আমাদের কাছে রয়েছে। ঘটনায় উভয় পক্ষের দাবি যে তাদের কাছে বৈধ কাগজপত্র রয়েছে বিষয়টি নিয়ে স্থানীয় মহলে চলছে আলোচনা সমালোচনা । এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা সুষ্ঠু তদন্ত ও আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।