সর্বশেষঃ

ভোলা শহরের চকবাজারে কাপড়ের গোডাউনে অগ্নিকান্ড

স্টাফ রিপোর্টার ॥
ভোলা শহরের চকবাজার এলাকায় দুটি শাড়ির গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বিপুল পরিমাণ শাড়ি ও অন্যান্য মালামাল পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এ ঘটনায় প্রায় কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার সন্ধ্যায় শহরের চকবাজার এলাকায় অবস্থিত ‘শাড়ি বিতান’ নামের একটি প্রতিষ্ঠানের দুটি গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের দিকে শাড়ি বিতানের দ্বিতীয় তলায় থাকা গোডাউনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। প্রথমে গোডাউন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং দাউদাউ করে জ্বলতে শুরু করে। স্থানীয় ব্যবসায়ী ও আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।
ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান ‘শাড়ি বিতান’-এর মালিক মো. সোহেল জানান, আগুনে তার গোডাউনে থাকা বিপুল পরিমাণ শাড়ি ও অন্যান্য মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। এদিকে পাশের প্রতিষ্ঠান ‘নিউ লোকনাথ বস্ত্রালয়’-এর মালিক গোপাল সাহা জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় আগুনের তাপ ও ফায়ার সার্ভিসের পানিতে ভিজে তার দোকানের গোডাউনের প্রায় ৫ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া মা-মনি ক্লথ স্টোর এর ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।


ভোলা জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. লিটন আহম্মদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে একটি শাড়ির দোকানের দুটি গোডাউনের মালামাল পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে ১৫ থেকে ২০ লাখ টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।