
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৯ জুন) রাত ৮টা ১০ মিনিটের দিকে উপজেলার কাচিয়া ইউনিয়নের চকডোষ এলাকার বৈদ্যের পোল বাজার মসজিদসংলগ্ন পাকা মাঠ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন মো. আক্তার (২৮)। তিনি বোরহানউদ্দিন উপজেলার চকডোষ এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন থানার উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় মো. আক্তারের কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাঁকে আটক করে থানায় নেওয়া হয়।
ভোলা জেলা পুলিশের মিডিয়া সেল জানিয়েছে, জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর নির্দেশনায় বোরহানউদ্দিন থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
