সর্বশেষঃ

সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর বাধ্যবাধকতা নেই ঃ স্পিকার

ডেস্ক রিপোর্ট ॥
জাতীয় সংসদে অধিবেশনকক্ষে প্রবেশ বা বের হওয়ার সময় স্পিকারের চেয়ার বা সভাপতির প্রতি মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। তিনি বলেছেন, সংসদ সদস্যরা নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী সম্মান প্রদর্শন করতে পারবেন। বৃহস্পতিবার (১৮ জুন) সংসদের অধিবেশনে এ বিষয়ে রুলিং দেন স্পিকার।
তিনি বলেন, জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ২৬৭(১) ধারা অনুযায়ী, সংসদে প্রবেশ বা কক্ষ ত্যাগের সময় এবং আসন গ্রহণ বা ত্যাগের সময় সদস্যরা সভাপতির প্রতি সম্মান প্রদর্শন করবেন। তবে অষ্টম জাতীয় সংসদের সময়ে বিধিটি সংশোধন করে ‘ঝুঁকিয়া’ শব্দটি বাদ দেওয়া হয়।
স্পিকার জানান, ২০০৬ সালের ২৬ সেপ্টেম্বর কার্যপ্রণালি বিধি সংশোধনের মাধ্যমে স্পিকারের চেয়ারের প্রতি মাথা নোয়ানোর বিধান বাতিল করা হয়। বিষয়টি যাচাই করে তিনি দেখেছেন, কার্যপ্রণালি বিধিসংক্রান্ত স্থায়ী কমিটির সুপারিশ সংসদে গৃহীত হয়েছিল এবং ওই সংশোধনী তারই অংশ ছিল। সংসদ সদস্যদের উদ্দেশে স্পিকার বলেন, যেহেতু কার্যপ্রণালি বিধি থেকে ‘ঝুঁকিয়া’ শব্দটি বাদ দেওয়া হয়েছে, তাই তাঁরা নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী স্পিকারের চেয়ার বা সভাপতির প্রতি সম্মান জানাবেন।
গত ১৬ জুন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য অধ্যাপক মো. মুজিবুর রহমান পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিষয়টি সুরাহার অনুরোধ জানান। তিনি বলেন, মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর রীতি ইসলামের সঙ্গে সাংঘর্ষিক এবং তা শিরকের কাছাকাছি চলে যায়। তখন স্পিকার কার্যপ্রণালি বিধি পর্যালোচনা করে পরে সংসদকে জানাবেন বলে জানিয়েছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।