ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে স্থবির উপকূল: ভোলার চরাঞ্চলে আতঙ্ক, চরম দুর্ভোগে খেটে খাওয়া মানুষ
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে স্থবির উপকূল: ভোলার চরাঞ্চলে আতঙ্ক, চরম দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

মোকাম্মেল মিশু :: প্রকৃতির এক নিষ্ঠুর খেলায় আবারও থমকে গেছে দ্বীপজেলা ভোলার উপকূলীয় জনপদ। ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে গত দুই দিন ধরে ভোলার আকাশ ঘন কালো মেঘে ঢাকা থাকার পাশাপাশি থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। উত্তাল হয়ে উঠেছে মেঘনা-তেঁতুলিয়া নদী এবং বঙ্গোপসাগর। এই বৈরী আবহাওয়ায় একদিকে যেমন থমকে গেছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা, অন্যদিকে নদীভাঙন শঙ্কায় দিন কাটছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বাইরে থাকা অসহায় পরিবারগুলোর।
টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে ভোলার শহরের অলিগলি থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের হাটবাজারগুলোতে মানুষের উপস্থিতি অনেকটাই কম। খুব একটা দেখা যায়নি পথচারীও। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর, রিকশাচালক ও নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ।
ভোলার হাওলাদার বাজার এলাকার রিকশাচালক মো: শামসুদ্দিন আক্ষেপ করে বলেন, বৃষ্টির কারণে সারাদিন গাড়ি নিয়া বাইর হইতে পারি নাই। ঘরে চাউল নাই, পোলাপান নিয়া খুব বিপদে আছি। এই বৃষ্টির মধ্যে পেটের দায়ে বাইর হইলেও কোনো ভাড়া পাই না।
ভোলা থেকে রাজধানীর ঢাকাসহ সারাদেশের সাথে যোগাযোগের অন্যতম মাধ্যম নৌপথ। বিকল্প কোন মাধ্যম না থাকায় প্রয়োজনে দুর্যোগপূর্ণ আবহাওয়াতেও জীবনের ঝুঁকি নিয়ে উত্তাল মেঘনা পাড়ি দিতে হয় এখানকার বাসিন্দাদের। এতে করে নৌপথের যাত্রীরাও পড়েছেন চরম ভোগান্তিতে। ভোলার ইলিশা লঞ্চঘাটে আটকে থাকা যাত্রী নাজমা বেগম জানান, জরুরি কাজে ঢাকায় যাওয়ার জন্য ঘাটে আইসা দেখি বৃষ্টি বাড়ছে। নদীও কিছুটা উত্তাল। লঞ্চে উঠতে ভয় লাগতেছে। কিন্তু ঢাকা যাওয়া খুবই জরুরী তাই যাওয়াই লাগবে।
দূর-দূরান্ত থেকে আসা মানুষগুলো ঘাটের পন্টুনে ভিজে চরম কষ্ট করছে।
মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন মনপুরা, চরফ্যাশন, তজুমদ্দিন এবং সদরের বেশ কিছু চরাঞ্চল ও বেড়িবাঁধের বাইরের ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের মধ্যে বিরাজ করছে তীব্র আতঙ্ক।
মেঘনা নদী তীরবর্তী তুলাতুলী এলাকার গৃহবধূ শাহনাজ বেগম বলেন, আমরা নদীর পাড়ে থাকি, পোলাপাইন নিয়ে অনেক কষ্টের মধ্যেই আছি। বাতাস আর নদীর ঢেউ বাড়লেই মনে হয় এই বুঝি ঘরবাড়ি ভাইসা গেল। রাইতে চোকের পলক ফেলতে পারি না, স্বামী-সন্তান নিয়া এই নদীর পারেই থাকি। ঝড় বৃষ্টি দেখলেই অনেক ভয় লাগে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর ও নদী স্বাভাবিকের চেয়ে কিছুটা উত্তাল থাকায় প্রশাসনের ও মৎস্য বিভাগের পক্ষ থেকে সব ধরনের মাছ ধরার ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কোস্ট গার্ডও তাদের নিরাপত্তা জোরদার করেছে। এসব উপেক্ষা করে বহু জেলে কে-ই মাছ শিকারে নদীতে নামতে দেখা গেছে। জেলেরা বলছেন, সংসার চালাতে গিয়ে পেটের দায়ে ঝুঁকি নিয়ে মাছ শিকার করতে হচ্ছেন তারা। অনেকে বলছেন বৈরী আবহাওয়া থাকলে মাছ একটু বেশি পাওয়া যায়।
ভোলা সদর মাছঘাটের জেলে ইসমাইল মাঝি বলেন, সরকারের নিষেধ আমরা বুঝি। কিন্তু ধারদেনা কইরা সাগরে জাল-সাভার বানাইছি। এই মুহূর্তে না গেলে আমাদের না খেয়ে মরতে হবে। তাই জীবনের ঝুঁকি জেনেই ট্রলার নিয়া নদীর কাছাকাছি থেকে মাছ ধরার চেষ্টা করতেছি। মাছ না ধরলে তো না খাইয়া মরতে হইবো।
এই অসময়ের টানা বৃষ্টি কৃষকদের কপালে চিন্তার ভাজ ফেলিয়েছে। বিশেষ করে সদ্য পেকে ওঠা আমন ধান এবং শীতকালীন বিভিন্ন সবজি ক্ষেতে পানি জমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
কৃষক মাইনুদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, অনেক কষ্ট কইরা মরিচ আর টমেটো চাষ করছিলাম। ক্ষেতে পানি জমতে শুরু করছে। পানি না কমলে সব পচে যাবে, এনজিওর ঋণ কীভাবে শোধ করব জানি না।
পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলো সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন দায়িত্বশীল কর্মকর্তারা।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ হাসানুজ্জামান বলেন, ভোলার ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধগুলো আমরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছি। জরুরি যেকোনো পরিস্থিতি মোকাবিলায় জিও ব্যাগ ও প্রয়োজনীয় সামগ্রী প্রস্তুত রাখা হয়েছে। আমাদের সকল কর্মকর্তা-কর্মচারীরা তৎপর রয়েছে।
ভোলার জেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসাইন জানিয়েছেন, জেলেদের নিরাপত্তার স্বার্থে গভীর নদী ও সাগরে যাতে এ সময় না যায় সেজন্য বলা হয়েছে। কোস্ট গার্ডের টহল জোরদার করা হয়েছে যাতে কেউ ঝুঁকি নিয়ে গভীর নদীতে প্রবেশ না করে সেদিকে খেয়াল রাখা হচ্ছে।
ভোলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালক মোঃ খায়রুল ইসলাম মল্লিক জনিয়েছেন, কৃষকদের আতঙ্কিত না হয়ে দ্রুত ক্ষেত থেকে অতিরিক্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা করার জন্য মাঠপর্যায়ে পরামর্শ দেওয়া হচ্ছে।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, পরিস্থিতি স্বাভাবিক হতে আরো দু-একদিন সময় লাগবে।
প্রকৃতির এই দুর্যোগ কাটিয়ে খুব দ্রুতই উপকূলের মানুষ আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবে, এমনটাই প্রত্যাশা।
মোকাম্মেল মিশু, ভোলা।
২১.১১.২০২৬
০১৭৩৫৫০৮৬৭২
