সর্বশেষঃ

দৌলতখানে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥
ভোলার দৌলতখানে রেজবি বেগম (২২) নামের এক ওমান প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ জুন) বিকেল ৫ টায় উপজেলার চরপাতা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নলগোড়া এলাকার মাতব্বর বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত গৃহবধূ রেজবি ওই বাড়ির ওমান প্রবাসী সুমন মিয়ার স্ত্রী এবং একই উপজেলার চরখলিফা ইউনিয়নের কলাকোপা গ্রামের সালাউদ্দিন মিয়ার মেয়ে।
জানা গেছে, গেল ১ বছর আগে ওই বাড়ির ওমান প্রবাসী সুমনের সঙ্গে মোবাইল ফোনে পারিবারিভাবে রেজবির বিয়ে হয়। এরপর থেকে রেজবি শশুড় বাড়িতে যান। সেখানে শাশুড়ির কাছে থেকে পড়াশোনা করেন। সম্প্রতি তার অনার্স প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষায় অংশ গ্রহনের কথা ছিলো। কিন্তু তাতে শাশুড়ি রাজি ছিলেন না। পরে আজ সকালে এবিষয়ে শাশুড়ির সঙ্গে রেজবির ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে রেজবি অভিমান করে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেন।
অভিযোগ রয়েছে, গেল কয়েকদিন ধরে পড়াশোনাসহ বিভিন্ন বিষয়ে শাশুড়ির সঙ্গে তার পারিবারিক বিরোধ চলছিল। ধারণা করা হচ্ছে, পরীক্ষায় অংশ গ্রহনে বাধা দেওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েন রেজবি। যার কারনে আত্মহত্যা করেন তিনি। এ ঘটনায় নিহতের পরিবারে চলছে শোকের মাতম। মৃতের বাবা-মায়ের আহাজারিতে ভারী হয়ে ওঠেছে আশপাশের পরিবেশ। এ বিষয়ে দৌলতখান থানার ওসি তদন্ত বিপুল চন্দ্র দাস বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পৌঁছে লাশ উদ্ধার করেছে। এই মূহুর্তে স্বজনদের আহাজারি চলছে। এঘটনায় পুলিশ তদন্তসহ প্রয়োজনীয় কাজ করছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।