ভেদুরিয়ায় নদী ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

মোঃ মঞ্জুর আলম ॥
ভোলার ভেদুরিয়ায় জাঙ্গালিয়া নদীর ভয়াবহ ভাঙনে দিশেহারা হয়ে পড়েছেন নদীতীরবর্তী কয়েকশ পরিবার। ইতোমধ্যে বিলীন হয়ে গেছে ফসলি জমি ও বহু বসতভিটা। এখন হুমকির মুখে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও একটি বড় কবরস্থান। দ্রুত ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার দাবিতে শুক্রবার জুমার নামাজ শেষে মানববন্ধন ও বিক্ষোভ করেন স্থানীয়রা।
বিশেষ করে টেকেরহাট এলাকার ৬৪ নম্বর উত্তর চর ভেদুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে উত্তর দিকে কালিকাষ্ট পর্যন্ত প্রায় ২ কিলোমিটার এলাকাজুড়ে চলছে নদীর তাণ্ডব। স্থানীয়দের অভিযোগ, ভাঙন বর্তমান যে ভয়াবহ রূপ নিয়েছে তাতে যেকোনো সময় নদীগর্ভে বিলীন হতে পারে উত্তর চর ভেদুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্থানীয় মসজিদ, মাদ্রাসা এবং ওই এলাকার সবচেয়ে বড় কবরস্থানটি। এতে প্রায় দেড় শতাধিক পরিবারের শেষ সম্বলটুকুও হারিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
প্রশাসনের দৃষ্টি আকর্ষণে জুমার নামাজ শেষে শত শত মুসল্লি নদীর তীরে জড়ো হন এবং বিক্ষোভ করেন। তাদের দাবি, দীর্ঘদিনের প্রতিশ্রুতি নয়—অবিলম্বে জিও ব্যাগ ডাম্পিংয়ের মাধ্যমে ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
স্থানীয়রা বলেন, আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাই—আমাদের ঘরবাড়ি, মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান এবং কবরস্থান রক্ষা করুন। দ্রুত জিও ব্যাগ না ফেললে আমাদের অস্তিত্বই থাকবে না। তারা আরও আশঙ্কা প্রকাশ করেন, আসন্ন বর্ষা মৌসুমের আগেই যদি এই ২ কিলোমিটার এলাকায় টেকসই বাঁধ বা জিও ব্যাগের মাধ্যমে ভাঙন ঠেকানো না যায়, তবে ভেদুরিয়ার এই জনপদ একসময় শুধু স্মৃতি হয়ে থাকবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।