ভোলায় যুবদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার ॥
ভোলায় জেলা যুবদলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার শহরের মহাজনপট্টিস্থ বড় মসজিদে জোহরবাদ দোয়া মোনাজাত আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির আহবায়ক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম নবী আলমগীর, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খান, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ট্রুম্যান, তরিকুল ইসলাম কায়েদ, জেলা বিএনপির সদস্য, সাবেক যুবদল সভাপতি ভিপি ইয়ারুল আলম লিটন, জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আবদুল কাদের সেলিম, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক তানভির তালুকদার, থানা যুবদলের আহবায়ক আবদুল লতিফ টিটু, থানা যুব দলের সদস্য সচিব বেল্লাল, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলামিন হাওলাদারসহ বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া মোনাজাত অনুষ্ঠানে আলহাজ্ব গোলাম নবী আলমগীর স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমানের স্মৃতিচরণ করতে গিয়ে বলেন, তিনি ছিলেন দেশের উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠার অগ্রদূত। দেশের মানুষের কল্যাণে তিনি মৃত্যুর আগ পর্যন্ত নিজেকে বিলিয়ে দিয়েছেন। তার সততা, নিষ্ঠা আমাদের দলের প্রত্যেক নেতা কর্মীর জন্য আদর্শ। আমরা সবাই তার জন্য দোয়া করবো এবং তার আদর্শ ধারণ করে যার যার অবস্থান থেকে দেশের কল্যাণে কাজ করবো।
