সর্বশেষঃ

দুর্ঘটনায় শয্যাশায়ী দিনমজুর ছালাউদ্দিন, চরম সংকটে পরিবার

চরফ্যাশন প্রতিনিধি ॥
ভোলার চরফ্যাশনের দিনমজুর মো. ছালাউদ্দিন (৪২)-এর জীবনে নেমে এসেছে চরম বিপর্যয়। প্রতিদিনের কষ্টার্জিত শ্রমে যে মানুষটি ছয় সদস্যের পরিবার চালাতেন, একটি দুর্ঘটনায় তার জীবন সম্পূর্ণভাবে থমকে গেছে। বর্তমানে তিনি মেরুদন্ড ভেঙে শয্যাশায়ী অবস্থায় দিন কাটাচ্ছেন। এতে পরিবারটি পড়েছে চরম মানবিক সংকটে। ছালাউদ্দিন উপজেলার চরমানিকা ইউনিয়ন ৪নং ওয়ার্ড চরকচ্ছপিয়া গ্রামের মাহাবুবা আবাসন প্রকল্পের ১৪ নম্বর ঘরের বাসিন্দা। তার পিতা মৃত হারাছ হাওলাদার। মা বিবি কুলসুম (১০৭) বয়সের ভারে দৃষ্টিহীন হয়ে ছেলের সঙ্গেই একই ঘরে মানবেতর জীবন-যাপন করছেন। তিনি ছেলের কষ্ট উপলব্ধি করলেও দৃষ্টিশক্তি হারিয়ে সবকিছুই অস্পষ্টভাবে অনুভব করেন। পরিবারে রয়েছেন স্ত্রী ইয়াসমিন এবং চার সন্তান-তাসলিমা (২২), তাওহিদ (১৭), হৃদয় (১১) ও সালমা (৯)।
স্থানীয় সূত্রে জানা যায়, ছালাউদ্দিন দিনমজুরের কাজ করে সংসার চালাতেন। ২০২৫ সালে স্থানীয় ইয়াসিন মাওলানার বাড়িতে নারিকেল গাছের ডগা কাটতে গিয়ে অসাবধানতাবশত গাছ থেকে পড়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আরো জানা যায়, ঢাকা মেডিকেলের চিকিৎসক জানিয়েছেন তার মেরুদণ্ড গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সুস্থতার জন্য উন্নত চিকিৎসা, এমনকি বিদেশে নেওয়ার প্রয়োজন। তবে আর্থিক সংকটের কারণে সেই চিকিৎসা এখন তার পরিবারের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বর্তমানে তিনি মেরুদন্ড ভেঙে নিজ বাড়িতে শয্যাশায়ী অবস্থায় রয়েছেন। উপার্জনের পথ বন্ধ হয়ে যাওয়ায় স্ত্রী ও চার সন্তান নিয়ে পরিবারটি চরম কষ্টে দিন কাটাচ্ছে। খাবারের সংকটও দেখা দিয়েছে।
অসুস্থ্য ছালাউদ্দিন বলেন, আমি গরিব মানুষ, দিনমজুরের কাজ করে সংসার চালাতাম। এখন বিছানায় পড়ে আছি, কিছুই করতে পারি না। সংসার চালানো খুব কষ্ট হয়ে গেছে। ডাক্তার বলেছে বিদেশে চিকিৎসা লাগবে, কিন্তু সেই সামর্থ্য আমার নেই। আমি আবার সুস্থ হয়ে কাজ করতে চাই। সবাই আমার জন্য দোয়া ও সহযোগিতা করুন।
স্ত্রী ইয়াসমিন বলেন, আমার স্বামীই ছিল আমাদের একমাত্র ভরসা। এখন সে শয্যাশায়ী। সন্তানরা ঠিকমতো খেতেও পারে না। আমরা গরিব মানুষ, বিদেশে চিকিৎসার টাকা কোথায় পাব, সবাইকে অনুরোধ করি, আমার স্বামীকে বাঁচান।
স্থানীয় বাসিন্দা ফিরোজ ও নিরব ফরাজি জানান, উপযুক্ত চিকিৎসা পেলে ছালাউদ্দিন আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। তাই তার চিকিৎসায় সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী, জনপ্রতিনিধি ও মানবিক সংগঠনগুলোর এগিয়ে আসা প্রয়োজন। চরফ্যাশন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মামুন হোসাইন বলেন, আবেদন পেলে সরকারি সহায়তার আওতায় আনার চেষ্টা করা হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।