ভোলায় পুষ্টি বিষয়ে সচেতনতা বাড়াতে ব্যতিক্রমী পুষ্টি মেলা

স্টাফ রিপোর্টার ॥
ভোলায় পুষ্টি বিষয়ে জনসচেতনতা বাড়াতে সদর উপজেলার ভেলুমিয়া বাজার এলাকার খালেদা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে সোমবার (২০ এপ্রিল) দিনব্যাপী পুষ্টি মেলার আয়োজন করা হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর পিপিইপিপি-ইইউ প্রকল্পের সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এ মেলার আয়োজন করে।
মেলার মূল উদ্দেশ্য ছিল প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা এবং সঠিক পুষ্টিজ্ঞান সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিকেএসএফ-এর ডেপুটি ম্যানেজার মো. নিয়ামুল হাসান শোভন। সভাপতিত্ব করেন খালেদা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহে আলম হিরন। এ সময় উপস্থিত ছিলেন জিজেইউএস-এর উপপরিচালক ড. আবুবকর এবং পিপিইপিপি-ইইউ প্রকল্পের প্রোগ্রাম অফিসার শাকিল আহাম্মদ। মেলায় পুষ্টি বিষয়ে মূল বক্তব্য দেন টেকনিক্যাল অফিসার (পুষ্টিবিদ) মো. মিঠুন মণ্ডল। এছাড়া সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মেলায় বিভিন্ন পুষ্টিবিষয়ক স্টল স্থাপন করা হয়, যেখানে পুষ্টিকর খাদ্য উপকরণ প্রদর্শন করা হয়। সহকারী কারিগরি কর্মকর্তা (পুষ্টি) উপস্থিত থেকে সাধারণ মানুষের পুষ্টি সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
দিনব্যাপী মেলায় সচেতনতামূলক মঞ্চনাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসব কার্যক্রমের মাধ্যমে পুষ্টি বিষয়ে সচেতনতার বার্তা সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
