সর্বশেষঃ

প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের প্রতিনিধিদলের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বৈঠকে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এলাকায় এলপিজি ও এলএনজি টার্মিনাল নির্মাণে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

প্রধানমন্ত্রী বলেন, সরকার বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে আন্তরিকভাবে কাজ করছে। তিনি প্রতিষ্ঠানটির প্রস্তাবিত প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

এ বিষয়ে প্রয়োজনীয় সরকারি সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন তারেক রহমান।

প্রতিনিধিদল বাংলাদেশের বর্তমান সরকারের বিনিয়োগবান্ধব নীতির প্রশংসা করে। পাশাপাশি বাংলাদেশের বিনিয়োগের সুযোগগুলো কাজে লাগাতে তারা আন্তরিক ও আগ্রহী বলে জানায়।

সাক্ষাতে উপস্থিত ছিলেন— অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী।

প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন ইয়ংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সুং এবং এসকে গ্যাসের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রেসিডেন্ট কিউনইয়ল সং সহ দলের অন্যান্য সদস্যরা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।