তজুমদ্দিনে ফারিয়া’র মানববন্ধন

তজুমদ্দিন প্রতিনিধি ॥
ভোলার তজুমদ্দিনে ঔষধ কোম্পানির প্রতিনিধি (ফারিয়া)’র নেতৃত্বে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সহকর্মীদের হেনস্তা ও ‘দালাল’ আখ্যা দেওয়ার প্রতিবাদে এবং নিরাপদ কর্মপরিবেশের দাবিতে দেশব্যাপী মানববন্ধন ও বিক্ষোভের অংশ হিসাবে এই কর্মসূচি পালন করা হয়। সোমবার (১১ মে) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে তজুমদ্দিনে কর্মরত ঔষধ কোম্পানির প্রতিনিধিরা অংশ নিয়ে নিম্নোক্ত দাবী তোলেন। এ সময় বক্তব্য রাখেন, ফারিয়ার কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ আমির হোসেন, ফারিয়া তজুমদ্দিনের উপদেষ্টা মীর সাইদুল হক মুরাদ, তজুমদ্দিনের ফারিয়া সাধারণ সম্পাদক বিল্লাল শেখ, সহ সভাপতি মোঃ নাদিম খান। মানববন্ধনের মূল কারণ ও দাবিসমূহ হলো-
হেনস্তার প্রতিবাদ : ৪ঠা মে ঢাকা মেডিকেলে দালালবিরোধী অভিযানে এনএসআই কর্তৃক ১২ জন রিপ্রেজেন্টেটিভকে আটকের ঘটনার প্রতিবাদ।
‘দালাল’ অপবাদ প্রত্যাখ্যান : প্রতিনিধিরা বলছেন, তারা কোনো দালাল নন, বরং সুশিক্ষিত ও প্রশিক্ষিত পেশাজীবী।
নিরাপদ কর্মপরিবেশ : হাসপাতালগুলোতে ডাক্তার ও রোগীদের সাথে দেখা করার জন্য কাজের সুষ্ঠু পরিবেশ দাবি।
পেশাগত মর্যাদা : পেশাজীবী হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি ও সম্মানজনক আচরণের নিশ্চয়তা।
মানববন্ধনে আরো জানান, পরবর্তীতে বিক্ষোভ মিছিল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। এর মধ্যে দাবি মানা না হলে ঔষধ সরবরাহ বন্ধের হুমকিও রয়েছে।
