ভোলায় সিসি’র কমিউনিটি গ্রুপ সদস্যদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ ভোলা সদর উপজেলার কমিউনিটি ক্লিনিক (সিসি) এর কমিউনিটি গ্রুপ (সিজি) সদস্যদের নিয়ে দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) ইউরোপীয় ইউনিয়ন ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় পিপিইপিইইউ প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এই ওরিয়েন্টেশনের আয়োজন করে। কর্মসূচির প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনিরুজ্জামান আহম্মেদ। বক্তব্য রাখেন স্বাস্থ্য পরিদর্শক উত্তম কুমার ঘোষ, জিজেইউএস-এর উপপরিচালক ও পিপিইপিইইউ প্রকল্পের সমন্বয়কারী মো. আবু বকর।
ওরিয়েন্টেশনের উদ্বোধন করেন জিজেইউএস-এর পরিচালক (কর্মসূচি) অ্যাডভোকেট বিথী ইসলাম। ওরিয়েন্টেশনের সঞ্চালনা করেন কমিউনিটি মোবিলাইজেশন অফিসার মো. মাসুম বিল্লাহ। এ সময় সহযোগিতা করেন অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার মো. ইমরান হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা।
কমিউনিটি ক্লিনিককে আরও সক্রিয় ও জনগণের কাছে সহজলভ্য করতে সিজি সদস্যদের দায়িত্ব, কাঠামো, সেবা তদারকি এবং সম্প্রদায়ের সঙ্গে ক্লিনিক ব্যবস্থাপনার সেতুবন্ধন তৈরির বিষয়গুলো তুলে ধরা হয়েছে। স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে শক্তিশালী করতে সিজি সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন বক্তারা। ওরিয়েন্টেশনে সিজি সদস্যরা কমিউনিটি ক্লিনিকের সেবার মানোন্নয়ন, মাতৃস্বাস্থ্য সুরক্ষা, টিকাদান কর্মসূচি, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং জরুরি স্বাস্থ্যতথ্য প্রচারে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। ওরিয়েন্টেশনে বাঘমারা, চর গাজী, মাদ্রাসার হাট ও শাহ মাদার কমিউনিটি ক্লিনিকের সিএসসিপি, সিজি সদস্য ও পরিচালনা কমিটির মোট ২৫ জন সদস্য অংশগ্রহণ করেন।
