ভোলায় সম্পন্ন হলো কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা–২০২৫: অংশগ্রহণে রেকর্ড শিক্ষার্থী

মোঃ আব্দুর রহমান হেলাল ৷৷ শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে অনন্য ভূমিকা রেখে চলা মাসিক কিশোরকণ্ঠ আয়োজিত “কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা–২০২৫” উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ভোলায়। শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কালেক্টর স্কুল অ্যান্ড কলেজের দুটি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এবারের পরীক্ষায় চতুর্থ থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রায় ১ হাজার ৬৫০ জন শিক্ষার্থী অংশ নেয়—যা অংশগ্রহণের দিক থেকে একটি রেকর্ড। ভোলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে দিনব্যাপী মেধার প্রতিযোগিতাকে পরিণত করে উৎসবের রূপে।

আয়োজক কমিটি জানায়, তিনটি ক্যাটাগরিতে ভাগ করে প্রত্যেক শ্রেণি থেকে ১৭ জন করে মোট ১১৯ জন শিক্ষার্থীকে এককালীন বৃত্তি, সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হবে। পাশাপাশি সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীকে বিশেষ পুরস্কার হিসেবে একটি ল্যাপটপ প্রদান করা হবে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করেন ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কালেক্টর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, স্বেচ্ছাসেবক ও গণমাধ্যম কর্মীরা। আয়োজকরা তাদের আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এক আয়োজক বলেন, “কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা এখন শুধু একটি পরীক্ষা নয়, এটি শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতামূলক মনোভাব ও নৈতিক চেতনা জাগ্রত করার একটি আন্দোলন।”

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।