ভোলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

ভোলার বাণী রিপোর্ট ॥ ভোলায় কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২১ অক্টোবর) মধ্যরাত ১ টায় কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্য ও পুলিশের যৌথ সমন্বয়ে ভোলা সদর থানাধীন ভেদুরিয়া ইউনিয়নের শেরে বাংলা বাজার এবং ব্যাংকের হাট সংলগ্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২ ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতরা হলেন- ভেদুরিয়া ইউনিয়নের চর রমেশ এলাকার মোঃ সুমন ইব্রাহিম (২৯) ও একই ইউনিয়নের পশ্চিম চরকালী এলাকার মোঃ কামাল (৪২)। এ সময় তাদের কাছ থেকে তল্লাশি চালিয়ে প্রায় ৩৫ হাজার টাকা মূল্যের ৭০ পিস ইয়াবাসহ জব্দ করা হয়। বুধবার (২২ অক্টোবর) বিকালে জব্দকৃত ইয়াবা এবং আটককৃত মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়। মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে এমনটাই জানিয়েছে কোস্টগার্ড দক্ষিণ জোন।
