ভোলায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম : ডিলার-মিলার-গুদাম জটিলতা

ভোলার বাণী রিপোর্ট ॥ ভোলায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম পাওয়ার অভিযোগে গুদাম, মিলার ও ডিলারদের মধ্যে দেখা দিয়েছে জটিলতা। নির্ধারিত ওজন না থাকায় বিতরণের উদ্দেশ্যে চাল গ্রহণ করতে পারছেন না ডিলাররা। জানা গেছে, বিগত আওয়ামীলীগ সরকারের আমলে ভোলায় চালের পুষ্টি করণের জন্য জেলা খাদ্য নিয়ন্ত্রক ও ভোলা অটো রাইস মিলের মধ্যে একটি চুক্তি হয়। সেই চুক্তি অনুযায়ী, সরকারি গোডাউন থেকে চাল মিল কর্তৃপক্ষের কাছে পৌঁছাবে এবং সেখানে ১% হারে পুষ্টি মিশিয়ে ডিলারদের সরবরাহ করার কথা। তবে সরবরাহকৃত চালের বস্তায় নির্ধারিত ওজন মিলছে না। নিয়ম অনুযায়ী প্রতিটি বস্তায় ৩০ কেজি চাল, ৩০০ গ্রাম পুষ্টি এবং ২০০ গ্রাম বস্তার ওজনসহ মোট ৩০ কেজি ৫০০ গ্রাম থাকার কথা। কিন্তু বাস্তবে তা কম থাকায় ডিলাররা সমস্যায় পড়ছেন। চলতি বিলে কিছু কিছু ডিলারকে সরবরাহকৃত ৫০ কেজি ৭০০ গ্রাম এর বস্তাতেও সঠিক ওজন পাওয়া যায়নি।
তজুমদ্দিন উপজেলায় মোট ১৬ জন ডিলারের মাধ্যমে ৭ হাজার ২৯৬ জন সুবিধাভোগী চাল পান। আর পুরো ভোলা জেলায় সুবিধাভোগীর সংখ্যা প্রায় ৮০ হাজার। ভুক্তভোগীরা জানান, প্রত্যেক বিলে বস্তা প্রতি গড়ে ১ কেজি ওজনে কম দিলে পুরো জেলায় ৮০ টন চাল কম দিতে পারে ভোলা অটোরাইস মিল।
এদিকে প্রভাবশালী ভোলা অটো রাইস মিল কর্তৃপক্ষ ওজন সংক্রান্ত অনিয়ম নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন বলে অভিযোগ উঠেছে। ফলে খাদ্যবান্ধব কর্মসূচি বাস্তবায়নে জটিলতা আরও বেড়েছে। ডিলারদের অভিযোগ, সঠিক ওজন না থাকলে তারা বিতরণ কার্যক্রম চালাতে পারছেন না। অন্যদিকে মিল কর্তৃপক্ষ দায় চাপাচ্ছেন গুদাম কর্তৃপক্ষের ওপর।
মলংচড়া ইউনিয়নের ডিলার মোঃ বিল্লাল জানা, বৃহস্পতিবার চাল দেয়ার কথা ছিল। ওজন ঠিক না থাকায় আমরা চাল গ্রহণ করিনি। শুধু বিল্লাল নয় এমন অসংখ্য ডিলারগণ ওজন কম থাকায় বিষয়টিও তুলে ধরেছেন।
ভোলা অটোরাইস মিলের ম্যানেজার মোঃ হেলাল উদ্দিন বলেন, আমরা ভোলা, বরিশাল, পটুয়াখালী দীর্ঘদিন ধরে সুনামের সহিত ব্যবসা করে আসছে। কিছু অসাধু ডিলারদের কারনে আমাদের বদনাম হচ্ছে। আমাদের দুই ধরনের বস্তা আছে প্রয়োজনে আপনারা মেপে দেখেন।
উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ আঃ মালেক জানান, খাদ্য গুদাম থেকে মিলাররা সঠিক ওজনে চাল বুজে নিয়ে পুষ্টি করণের পর ডিলারের কাছে পৌঁছে দিবেন।এ বিষয়ে ডিলারদের ডিলারদের নির্দেশনা দেয়া হয়েছে। ভোলা জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ এহসানুল হক বলেন উপজেলা কর্মকর্তাগণকে মিলার ও ডিলারের সাথে আলোচনা করে সঠিক ওজন নিশ্চিত করতে বলা হয়েছে। এ বিষয়ে দ্রুত সঠিক সমাধান না হলে ভোলার সাধারণ সুবিধাভোগীরা ক্ষতিগ্রস্ত হবেন বলে আশঙ্কা করছেন সচেতন মহল।
